নজরুল ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও গীতিকবি লতিফুল ইসলাম শিবলীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে লতিফুল ইসলাম শিবলীকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
নিয়োগের বিষয়ে লতিফুল ইসলাম শিবলী আগামীর সময়কে বলেন, ‘আশা করছি আগামীকাল সোমবার কর্মস্থলে যোগ দেবো। শিল্পকলা তো বাংলাদেশের সংস্কৃতির একটা আয়না। এখানে দীর্ঘ ১৬ বছরের একটা ফ্যাসিবাদী শাসন ও ফ্যাসিবাদী কালচারের পরে যে একটা আমূল পরিবর্তনের কথা ছিল, আসলে সেভাবে সেটা হয়নি। জুলাই অভ্যুত্থানের পর যে প্রত্যাশা ছিল, তা বাস্তবায়ন হয়নি। আমার কাছে এই প্রত্যাশা পূরণ করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
জুলাই অভ্যুত্থানের পর শিল্পকলা একাডেমিতে প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতায় মহাপরিচালক পদে তিন দফা পরিবর্তন এসেছে। অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া নাট্যজন অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ ছয় মাসের মাথায় পদত্যাগ করেন।
পরে মহাপরিচালকের দায়িত্ব নেন কবি রেজাউদ্দিন স্টালিন। তার মেয়াদ শেষ হয় গত ২১ সেপ্টেম্বর। পরে এক অফিস আদেশে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
এদিকে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক করা হয়েছিল গীতিকবি লতিফুল ইসলাম শিবলীকে।
২০২৪ সালের ২২ সেপ্টেম্বর থেকে দুই বছরের চুক্তিতে তাকে নির্বাহী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। গত ২২ সেপ্টেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হয়।