Image description
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করলে তাদের চিহ্নিত করে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম।
 
গতকাল শুক্রবার সন্ধ্যায় আখাউড়া পৌরসভার আদর আলী কমপ্লেক্সের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। সিরাজুল ইসলামের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
 
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ছাত্রলীগের আখাউড়া উপজেলা শাখার নেতা-কর্মীরা রেলওয়ে স্কুল-সংলগ্ন লেভেল ক্রসিং এলাকায় মিছিল করেন। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের আখাউড়া জংশন শাখার সাধারণ সম্পাদক রেজায়েন রাব্বি ভুঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী শেখ ইমরান হোসেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
 
এর প্রতিবাদে গতকাল সন্ধ্যায় আখাউড়া পৌর মুক্তমঞ্চ থেকে পৌর শহরের সড়কবাজার ঘুরে মায়াবী সিনেমা হল এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে আদর আলী কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ইঙ্গিত করে বলেন, ‘এই আপার জন্য মায়াকান্না করে তারা মিছিল করে, রাজপথে আগুন-সন্ত্রাস করে।’
 
তিনি বলেন, ‘আমি শুনেছি, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের ছেলে নাকি মিছিলের নেতৃত্ব দিয়েছে। ইকবাল হোসেনের বাড়ির ইট তো থাকার কথা নয়। আপনারা কী করেছেন? আপনারা তো কিছুই করতে পারেননি। এই ইকবাল হোসেনের বাড়ি আখাউড়ায় থাকে কীভাবে?’
 
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সিরাজুল ইসলাম আরও বলেন, ‘আমি দেখতে চাই, রাজপথে ফ্যাসিস্ট যেখানে মিছিল করবে, সেখানেই প্রতিহত করতে হবে। যারা, যাদেরকেই চিহ্নিত করা যাবে, তাদের বাড়ি গুঁড়িয়ে দিতে হবে। কোনো অবস্থাতেই তাদের সঙ্গে আপস করা যাবে না। আমি আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। ফ্যাসিস্টকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না।’
 
সমাবেশে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতে বসে খুনি হাসিনা ও তার দোসররা এই দেশে অগ্নিসংযোগ করে, জ্বালাও-পোড়াও করে, বাড়িঘর ভাঙচুর করে। (আমাদের) দলীয় নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে। আমি বলে দিতে চাই, আজ থেকে আপনারা প্রস্তুত থাকেন। যদি কোনো মিটিং-মিছিল আখাউড়ার মাটিতে করার চেষ্টা করে, তাহলে তাদের বাড়িঘর পুড়িয়ে শেষ করে দেবেন। দলীয় নেতা-কর্মীরা (সীমান্তের) চেকপোস্টে সজাগ থাকবেন, কোনো দোসর যেন দেশে ঢুকতে না পারে।’
 
আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুরসহ দলীয় নেতা-কর্মীরা।