Image description

জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি নিয়ে সংগঠনের ভেতরে অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা অনেক নেতাকে কমিটিতে মূল্যায়ন করা হয়নি। বিপরীতে বিগত দিনের আন্দোলনে সক্রিয় ছিলেন না এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে।

৫১ সদস্যের এই আহ্বায়ক কমিটিতে নতুন করে পদ পেয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ের কম্পিউটার অপারেটরও রয়েছেন। এদিকে আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব শামছুর রহমান শিমুল বিশ্বাস দুজনই সংসদ সদস্য। নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যস্ত থাকায় আগামী ছয় মাসের মধ্যে কেন্দ্রীয় কাউন্সিল আয়োজন নিয়েও অনিশ্চয়তা দেখছেন সংশ্লিষ্টরা।

 

সংশ্লিষ্ট সূত্র ও পদবঞ্চিত নেতাদের আশঙ্কা, কমিটি নিয়ে সৃষ্ট অসন্তোষ দ্রুত নিরসন করা না হলে সংগঠনের কার্যক্রমে স্থবিরতা দেখা দিতে পারে। নির্ধারিত সময়ে সম্মেলন আয়োজনও কঠিন হয়ে পড়তে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালের ১৯ ও ২০ এপ্রিল সংগঠনটির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে আনোয়ার হোসাইনকে সভাপতি ও নূরুল ইসলাম খান নাসিমকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন নতুন কমিটি না হওয়া এবং সাধারণ সম্পাদকের অসুস্থতা ও নিষ্ক্রিয়তার কারণে সংগঠনের কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

এ অবস্থায় গত ২১ নভেম্বর ৫১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বিএনপির সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রীয় কাউন্সিল দ্রুত আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরে উপস্থিত কর্মকর্তারা নিজেদের পদত্যাগ গ্রহণ করে নতুন কমিটিকে সহযোগিতার অঙ্গীকার করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই কমিটি শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে। আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করার কথা রয়েছে।

জানা যায়, এবারের আহ্বায়ক কমিটিতে নতুনভাবে ১৯জনকে পদায়ন করা হয়েছে। তারা হলেন- সাবেক যুগ্ম সম্পাদক আবুল খায়ের খাজা, ময়মনসিংহ বিভাগের সভাপতি আবু সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভুইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা ও সদস্য সচিব কামরুল জামান, রেলওয়ের এম আর মঞ্জু, খুলনা মহানগরীর আহ্বায়ক মো. মজিবুর রহমান, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা নাছরিন আক্তার ডিনা, বরিশাল মহানগরীর সভাপতি মো. ফয়েজ আহম্মদ খান, গাইবান্ধা জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাবেক সভাপতি খন্দকার জুলফিকার মতিন, শ্রমিক দল কেন্দ্রীয় অফিসের কম্পিউটার অপারেটর জাকারিয়া প্রধান (খোকন), টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সভাপতি একেএম মনিরুল হক, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সভাপতি মো. মমতাজ উদ্দিন, ঢাকা ওয়াসার আজিজুল আলম খান, বিআইডব্লিটিএ’র মো. আলাউদ্দিন, বগুড়া জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সোহরাব হোসেন লাইজু এবং সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।

অন্যদিকে কমিটিতে স্থান পাননি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা অনেক নেতা। তাদের মধ্যে রয়েছেন শ্রমিক দলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক নির্বাচিত সভাপতি কাজী মো. আমীর খসরু, সাবেক সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম বাদল, নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সভাপতি আলী আজগর, গাজীপুর মহানগরের সাবেক সভাপতি নজরুল ইসলাম এবং সিলেট মহানগরের সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী।

এ ছাড়া বরিশাল বিভাগের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন তালুকদার, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাহ হোসেন চৌধুরী (রিপন) ও শ্রমিক দলের উপদেষ্টা মো. আমির হোসেন ভুইয়াসহ অনেকেই বাদ পড়েছেন।

পদবঞ্চিতদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েও তারা সংগঠনের কার্যক্রম চালিয়ে গেছেন। তাদের একজন কাজী মো. আমীর খসরুর বিরুদ্ধে ১৫ থেকে ১৬টি মামলা হয়েছে বলে তার অনুসারীদের দাবি। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি কারাভোগও করেন। দীর্ঘদিন চাকরি থেকে বঞ্চিত থাকার অভিযোগও রয়েছে তার।

পদবঞ্চিত নেতাদের দাবি, দীর্ঘ দেড় দশকের আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকার করা নেতাদের বাদ দিয়ে নতুন মুখদের গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় তৃণমূলের কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে পদ দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নেতাকর্মীদের ভাষ্য, বিএনপি ক্ষমতায় আসার পর ত্যাগী কর্মীদের মূল্যায়নের প্রত্যাশা বেড়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘মিছিলের শেষের কর্মীটিও রাজনৈতিক পদ পাবে’—এমন বক্তব্যের সঙ্গে বর্তমান কমিটির বাস্তবতার মিল নেই বলে মনে করছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক দলের সদস্য সচিব শামছুর রহমান শিমুল বিশ্বাস এনপিবি নিউজকে বলেন, নতুন কমিটিতে একজনও নতুন লোক নেই। যারা কমিটিতে যায়গা পেয়েছেন তারা সকলেই দলের পুরানো লোক।

কাউন্সিলর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল অনুষ্ঠিত হবে।