Image description

রংপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামজীবন কুন্ডুকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করেন কয়েকজন নেতাকর্মী। একপর্যায়ে পণ্ড হয়ে যায় সম্মেলন। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ছিঁড়ে ফেলা হয়েছে সম্মেলনের ব্যানার ও ফেস্টুন।

শনিবার দুপুরে নগরীর আবু সাঈদ স্টেডিয়ামের জিমনেশিয়ামে এ ঘটনা ঘটে। সম্মেলন শুরুর পরপরই একদল নেতাকর্মী আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তোলেন। এ সময় তারা ‘আওয়ামী লীগের দোসরদের এই বাংলায় জায়গা নেই’, ‘লীগ ধর, জেলে ভর’ এবং ‘রংপুরে আওয়ামী লীগের স্থান হবে না’—এমন নানা স্লোগান দেন। একপর্যায়ে স্লোগান থেকে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়।

 

পরে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ নিয়ে সম্মেলন আয়োজক কমিটির সঙ্গে বিক্ষুব্ধ নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে পূজা উদযাপন পরিষদের সভাপতি রামজীবন কুন্ডুকে কয়েকজন মারধর করেন। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সম্মেলনস্থলের ব্যানার ও ফেস্টুনও ছিঁড়ে ফেলা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী। প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক সাগর হালদারসহ ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামজীবন কুন্ডু।

 

পরিষদের বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, এ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।

 

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামজীবন কুন্ডু বলেন, ‘আওয়ামী লীগ কি দলে আছে? সরকারি কর্মকর্তারা কখনো কি আওয়ামী লীগ করতে পারে? কোনো দলের হতে পারে? আমি সদ্য চাকরি থেকে অবসরে গেছি। আমার কিসের দল?’

 

মঞ্চের পাশে আওয়ামী লীগের পদধারী নেতারা বসে ছিলেন—এমন প্রশ্নের জবাবে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ‘পূজা পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। এখানে বিভিন্ন দলের লোকজন আছেন। এখানে বিএনপির লোক আছেন, আওয়ামী লীগের লোকও আছেন। যদি আওয়ামী লীগের কেউ থাকেন, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু সেখানে যুবদল ও বিএনপির লোকজন মব তৈরি করে আমাদের সম্মেলন পণ্ড করবে, এই অধিকার তাদের কে দিয়েছে? তারা পুলিশকে জানাবে, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

 

তিনি আরও বলেন, ‘ঘটনার সময় মহানগর বিএনপির নেতা উপস্থিত ছিলেন। তারা পরিস্থিতি থামানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু কেউ তাদের কথা শোনেনি।’

 

সন্তোষ শর্মা বলেন, ‘তারা একজনের নাম ধরে বলছে, সে নাকি আওয়ামী লীগ করে। তখন আমি বলেছি, আওয়ামী লীগের কোনো নেতা যদি পদে থাকেন, তাহলে তিনি আমাদের পূজা পরিষদের নেতা হতে পারবেন না। কথা পরিষ্কার। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা যুবদলের কেন্দ্রীয় কমিটিকে আজকের বিষয়টি জানাব।’

 

এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু দুই পক্ষের হাতাহাতি থামানোর চেষ্টা করলে তাকেও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ উঠেছে। এ সময় তার নিরাপত্তারক্ষী তারিকুল ইসলামকে নেতাকর্মীরা বেধড়ক মারধর করেন। পরে ঢাকা থেকে আসা পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতারা দুপুর আড়াইটার দিকে সম্মেলনস্থল ত্যাগ করেন। ঘটনার পরও এলাকায় উত্তেজনা বিরাজ করে।

 

রংপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরের সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ বলেন, ‘আমরা অবশ্যই চাই, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তাদের সম্মেলন করুক। কিন্তু সেই সম্মেলনে যদি বিগত ১৬-১৭ বছরে যারা এ দেশের হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্নভাবে অত্যাচার করেছে, তাদের পূজা উদযাপন পরিষদে ঢোকা থেকে বিরত রাখা হয় এবং সেটা শক্তি প্রয়োগের মাধ্যমে করা হয়, অবশ্যই আমরা তা মেনে নেব না।’

 

Amardesh_Rangpur_Samu

 

 

তিনি আরও বলেন, ‘পূজা উদযাপন পরিষদে আমরা, আমাদের নেতাকর্মীসহ যারা দীর্ঘদিন এই কমিটি থেকে বঞ্চিত ছিলাম, আমাদের কোনো স্থান দেওয়া হয়নি। ১৭ বছরে এই পূজা উদযাপন পরিষদে আওয়ামী লীগ ছাড়া কাউকে কোনো স্থান দেওয়া হয়নি।’

 

মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন বলেন, পূজা উদযাপন পরিষদের একতরফাভাবে কমিটি গঠনের চেষ্টা চলছিল। বিগত সরকারের আমলে নির্যাতনের শিকার হওয়া সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মীরা নিজেদের কথা বলতে সম্মেলনে গেলে তাদের হেনস্তা করা হয়। খবর পেয়ে মহানগর যুবদলের নেতারা সেখানে যান। আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন অভিযোগ করেন, রংপুরে নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও বিরোধী মতের নেতাকর্মীদের হত্যা, গুম, নির্যাতন ও মামলার শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি। জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা উল্লেখ করে আওয়ামী লীগের পুনর্বাসনের বিরোধিতা করেন এই নেতা।

 

মহানগর যুবদলের সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন বলেন, সম্মেলনে আওয়ামী লীগের মামলার আসামি হিসেবে পরিচিত একজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে তারা জানতে পেরেছেন।

 

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশিদ বলেন, ‘গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি, আবু সাঈদ স্টেডিয়ামে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন হচ্ছিল। পূজা উদযাপন পরিষদের একটি পক্ষ হামলা করেছে। আমাদের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। পরবর্তীতে আরও বেশি ফোর্স সেখানে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।’

 

তিনি আরও বলেন, ‘পূজা উদযাপন পরিষদের যে অনুষ্ঠান হচ্ছিল, তারা তো পুলিশকে অবগত করেনি। মহানগর এলাকায় যেকোনো অনুষ্ঠান করতে হলে পুলিশকে অবগত করতে হয়। কিন্তু পূজা উদযাপন পরিষদ তা করেনি। তবুও আমরা আমাদের চ্যানেলে যখন জানতে পারি, তখন পুলিশ পাঠিয়ে সবার নিরাপত্তা নিশ্চিত করেছি।’