ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করেছিল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। তবে জাতীয় নির্বাচনে জোটবদ্ধ থাকলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আলাদা কৌশলে নিয়ে এগোচ্ছে ১১ দলীয় জোটের এই দুই শরিক।
জানা গেছে, সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত নিজস্ব প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দল দুটি। স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও জনসমর্থন যাচাই করতে চায় তারা।
দুই দলের এই পৃথক নির্বাচনী প্রস্তুতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, জাতীয় পর্যায়ে একসঙ্গে থাকা জামায়াত ও এনসিপির মধ্যে কি দূরত্ব বাড়ছে? বিশেষ করে ঢাকার দুই সিটি করপোরেশনে আলাদা মেয়র প্রার্থী ঘোষণার পর এ আলোচনা আরও জোরালো হয়েছে।
তবে দুই দলের নেতারা বলছেন, স্থানীয় নির্বাচনে পৃথকভাবে অংশ নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে জোটের ঐক্যের কোনো বিরোধ নেই। সংসদকেন্দ্রিক রাজনৈতিক কার্যক্রমে তাদের সমঝোতা ও সহযোগিতা অব্যাহত থাকবে। স্থানীয় নির্বাচনে প্রত্যেক দল নিজেদের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার সুযোগ নিতে চায়। নির্বাচনে পৃথক অবস্থান নিলেও বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও আন্দোলনে জামায়াত-এনসিপির ঐক্য অটুট থাকবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১ দলীয় জোটের অংশ হিসেবে জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্মসূচিতে একসঙ্গে থাকলেও স্থানীয় নির্বাচনে যৌথ প্রার্থী দেওয়ার বিষয়ে একমত হতে পারেনি জামায়াত ও এনসিপি। তাই দুই দলই নিজস্ব সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তা যাচাই করতে পৃথকভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, স্থানীয় নির্বাচনে কোনো রাজনৈতিক জোটে না থেকে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি। নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন ও সম্ভাব্য প্রার্থী প্রস্তুতের কাজও চালিয়ে যাচ্ছে তারা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াত ও এনসিপির নির্বাচনী কৌশলের পার্থক্য সবচেয়ে স্পষ্ট হয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে।
গত ৪ অক্টোবর রাজধানীর একটি অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণ সিটিতে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন।
অন্যদিকে, এনসিপি প্রথমে গত ২৯ মার্চ ঢাকা উত্তর ও দক্ষিণসহ পাঁচটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করেছিল। পরে ঢাকার দুই সিটিতে প্রার্থী পরিবর্তন করে দলটি। গত ৩০ অক্টোবর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন করে ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এনসিপি অন্তত একটি সিটি করপোরেশনে জামায়াতের সমর্থন চেয়েছিল। তবে জামায়াত দুই সিটিতেই নিজস্ব প্রার্থী দেওয়ার সিদ্ধান্তে অটল থাকায় যৌথ প্রার্থীর বিষয়ে সমঝোতা হয়নি। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনসহ জাতীয় পর্যায়ের কয়েকটি রাজনৈতিক ইস্যুতেও দুই দলের মধ্যে মতের অমিল তৈরি হয়েছে। ফলে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে তাদের রাজনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আলোচনা তৈরি হয়েছে। তবে নেতারা ১১-দলীয় জোট ভেঙে যাওয়ার সম্ভাবনা নাকচ করেছেন।
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার মধ্য দিয়ে তৃণমূলে নিজেদের সাংগঠনিক অবস্থান যাচাই করতে চায় জামায়াতে ইসলামী। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে প্রার্থী বাছাইয়ের কাজ এগিয়ে নিচ্ছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে পরিচিতি, জনপ্রিয়তা, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু নির্বাচনে অংশ নেওয়া নয়, স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থান কতটা শক্তিশালী হয়েছে, সেটিও যাচাই করতে চায় জামায়াত।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, জাতীয় নির্বাচনে জোটগত সমঝোতা থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু দলীয় প্রতিক থাকছে না তাই পৃথক ভাবে অংশ নেবে ১১ দল। অধিকাংশ এলাকায় প্রার্থী প্রস্তুতের কাজ চলছে। প্রার্থী বাছাইয়ে অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, স্থানীয় সরকার নির্বাচন প্রত্যেকটি রাজনৈতিক দল বা সংগঠনের সাংগঠনিক শক্তি বাড়ানোর অন্যতম মাধ্যম। সেই বিবেচনায় ১১ দলীয় জোটের শরিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ অবস্থান থেকে ভিন্ন ভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে এতে জোট ভাঙার কোনো বিষয় নেই।
তিনি বলেন, এই জোট মূলত সংসদকেন্দ্রিক। সংসদে বিভিন্ন ইস্যুতে দলগুলো একসঙ্গে কাজ করছে। অন্যদিকে, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিটি এলাকায় নিজ নিজ দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং দলীয় অবস্থান তৈরি করাই মূল লক্ষ্য।