Image description

হবিগঞ্জের মাধবপুরে একটি ধর্মীয় মাহফিলে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। তাকে মাহফিলে যোগ না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বহরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। তবে এমন বিরোধিতার মধ্যেও নির্ধারিত মাহফিলে উপস্থিত হওয়ার ঘোষণা দিয়েছেন তাহেরী।

আগামী রবিবার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহ্ছানিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দরবার শরিফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমের তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর উপস্থিত থাকার কথা।

স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে, মাহফিলের প্রচারপত্রে তাহেরীর নামের নিচে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামের অবস্থান ও উপস্থাপনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত। তবে এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিরোধের সুনির্দিষ্ট কারণও এখনো স্পষ্ট নয়।

এদিকে তাহেরীর অংশগ্রহণের বিরোধিতা করে শনিবার (১৪ নভেম্বর) কাশিমনগর বাজারে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী এম শাহীন আলম রিপনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে শাহীন আলম রিপন বলেন, কোনোভাবেই মাহফিলে তাহেরীর অংশগ্রহণ মেনে নেওয়া হবে না। তাঁর অভিযোগ, তাহেরী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি বিগত সরকারের পক্ষে কথা বলে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ সময় তাঁকে মাহফিলে অবাঞ্ছিত ঘোষণা করেন তিনি।

অন্যদিকে, বিক্ষোভ ও বিরোধিতার পরও নিজের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। তিনি বলেন, “কত দেখলাম, কতজনে কত কী বলল। আমার ভক্তরা আমার পাশে রয়েছে। মাইক চললে অবশ্যই আমি উপস্থিত হব, ইনশাআল্লাহ।”

মাহফিল আয়োজকদের দাবি, বিএনপি নেতাদের এমন বিরোধিতার কারণ তাঁদের কাছে স্পষ্ট নয়। তাঁরা আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান চান। একই সঙ্গে মাহফিলকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য প্রশাসনের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা বক্তব্য দিতে আগ্রহী হননি।

এ বিষয়ে ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরি বলছেন, মাইক চললে তিনি মাহফিলে আসবেন!