Image description

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে বিরাজ করছে বাড়তি উন্মাদনা। সমর্থকদের পাশাপাশি জাতীয় স্টেডিয়ামে হাজির হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমীরাও। এরই মধ্যে গ্যালারিতে প্রবেশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময়ে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ফাইনালে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। একইসঙ্গে ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতির প্রত্যাশার কথাও জানিয়েছেন।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে সাফের দ্বিতীয় সেমিফাইনাল। ম্যাচ শুরুর প্রায় পৌনে এক ঘণ্টা আগে জাতীয় স্টেডিয়ামে পৌঁছান ক্রীড়া প্রতিমন্ত্রী। পরে স্টেডিয়ামের ভিআইপি গেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হামজা, ফারহান ও সমিতদের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ, সব দর্শক এই ম্যাচের দিকে তাকিয়ে আছে। আমাদের প্রধান লক্ষ্য সেমিফাইনাল ম্যাচটি পার করা। গত ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেটা ধরে রাখলে পাকিস্তানের বিপক্ষে আমরা বড় ব্যবধানে জিতব ইনশাআল্লাহ।’

ফাইনালে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন কিনা, এমন প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের খেলোয়াড়রা, হামজা-ফারহান-সমিতরা খুব ভালো খেলছে। আমরা ফাইনালে যাব এবং সেখানে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।’