মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হার্ডজিপ গাড়ি জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি গ্যাস ফিলিং স্টেশনসংলগ্ন সৈয়দ স্টোরের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম হাসিবুর রহমান (৩৯)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গোপালগঞ্জে। বর্তমানে তিনি খুলনা সদর এলাকায় বসবাস করতেন।
সিএমপির ডিবি (বন্দর) বিভাগের বিশেষ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। উপপুলিশ কমিশনার (ডিবি-বন্দর/পশ্চিম) কাজী মো. আব্দুর রহিমের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে অভিযানে অংশ নেন ডিবির সদস্যরা।
পুলিশ জানায়, অভিযানে হাসিবুর রহমানের হেফাজত থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত ঢাকা-মেট্রো-ঘ ১৮-১৩১৭ নম্বরের একটি কালো রঙের হার্ডজিপ গাড়ি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় হাসিবুর রহমানের বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।