Image description

বগুড়ায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান অর্ধশতাধিক নেতাকর্মীর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের খবরকে সম্পূর্ণ অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামী।দলটির দাবি, এনসিপিতে যোগদানকারী হিসেবে যাদের নাম প্রচার করা হয়েছে, তাদের সঙ্গে জামায়াত বা ছাত্রশিবিরের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এনসিপির বগুড়া জেলা কার্যালয়ে দলটিতে যোগ দেওয়া নতুন নেতাকর্মীরা জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ এম জেড শাহরিয়ার জুহিনকে ফুলেল শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে হাফেজ গোলাম কিবরিয়া নামের এক ব্যক্তি নিজেকে বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের যুব বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি দাবি করে প্রায় ৮০ জন নেতাকর্মী নিয়ে এনসিপিতে যোগ দেওয়ার কথা জানান।

তবে সেখানে ৯-১০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এ এম জেড শাহরিয়ার জুহিন নতুন নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতীক জাতীয় নাগরিক পার্টিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আস্থাশীল হয়ে যোগ দিচ্ছেন। নতুন নেতাকর্মীদের দলে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত।আগামী নভেম্বরের মধ্যে বগুড়া জেলার প্রতিটি ইউনিয়ন ও পর্যায়ক্রমে ওয়ার্ড পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান এই নেতা।

তবে সেখানে এনসিপির মূল দলের কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না।এদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বগুড়া মহানগর জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক ইকবাল হোসেন বলেন, যারা জামায়াত-শিবির পরিচয়ে এনসিপিতে গেছেন, তারা জামায়াতের কেউ নন। যুব জামায়াত বা অন্য কোনো সংস্থায় তাদের কোনো পদ-পদবি তো দূরের কথা, তারা দলের কর্মীও নন। 

তাদের এই কার্যক্রম পুরোটাই অপপ্রচার।যোগদানকারী হাফেজ গোলাম কিবরিয়ার দাবি প্রসঙ্গে তিনি বলেন, একজনকেও তো আমরা চিনি না। শহর সভাপতি লেভেল কি কেউ বোঝে? শহর সভাপতি হওয়া কি অত সহজ? এটি একটি বিশাল বড় পদ। ও তো আমাদের অফিসের এক স্টাফের ছেলে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকেই নিজেদের শিবির বা জামায়াতের লোক পরিচয় দিয়ে নানা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তবে যাদের পদ-পদবি বা সাংগঠনিক বৈধতা নেই, তাদের এই যোগদান বা দাবি হাস্যকর।বগুড়া মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি দাবি করে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) গোলাম কিবরিয়ার যোগদানের খবরকে ভিত্তিহীন ও মিথ্যা বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখা।

এক বিবৃতিতে বগুড়া মহানগর ছাত্রশিবিরের মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, গোলাম কিবরিয়া ছাত্রশিবিরের কোনো পর্যায়ের নেতা বা দায়িত্বশীল ছিলেন না। তিনি নিজেকে বগুড়া শহর শাখার সভাপতি হিসেবে যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। মূলত মিডিয়ায় ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই তিনি এমন অসত্য বক্তব্য দিয়েছেন।