Image description

ফ্লোরিডার ডেটোনা বিচে শুক্রবারের নির্বাচনী সমাবেশে অন্তত চারবার বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারবার এ হইচইয়ে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন নিয়ে তার বক্তব্য ব্যাহত হয়। এক বাধার সময় মেজাজ হারিয়ে এক বিক্ষোভকারীর দিকে ঘুরে তিনি বলেন, চুপ করো, চুপ করো। বোকা। চুপ করো। হেরো। কী এক হেরো। ওকে এখান থেকে বের করো।

মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব নিয়ে কথা বলার সময় প্রথম বাধা আসে। বিক্ষোভকারী বক্তব্যে বাধা দিলে হঠাৎ ভাষণ থামিয়ে ট্রাম্প তাকে বোকা ও হেরো বলে গালি দেন এবং ভেন্যু থেকে বের করে দেওয়ার দাবি জানান। বারবার বাধায় ট্রাম্পকে বিরক্ত মনে হয়। পরে তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা তার রসিকতার মাঝখানে কথা বলছেন।

ট্রাম্প বক্তব্য চালিয়ে যাওয়ার সময়ও বাধা অব্যাহত থাকে। সমর্থকেরা আমরা আপনাকে ভালোবাসি বলে স্লোগান দিলে প্রেসিডেন্ট বলেন, তিনি উল্টো মতের কারও বলার অপেক্ষায় আছেন।

ট্রাম্প বলেন, আমি অপেক্ষা করছি কোনও বিক্ষোভকারী বলুক, আমরা আপনাকে ঘৃণা করি! তখন এক বিক্ষোভকারী চিৎকার করে বলেন, আমরা আপনাকে ঘৃণা করি। এতে আবারও তার বক্তব্য বাধাগ্রস্ত হয়।

বিভিন্ন বাধার কারণে তার রসিকতার মাঝখানে বিরতি পড়ছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন, আপনারা এখান থেকে চলে যাবেন আর বলবেন, ট্রাম্প একজন বাজে বক্তা।