ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার বেড়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) তেলের দাম ২ শতাংশের বেশি বেড়ে গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় সরবরাহ নিয়ে বিশ্ববাজারে উদ্বেগ বাড়ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে ব্রেন্ট ক্রুডের সরবরাহের ফিউচার দর ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৭ ডলার ৬৪ সেন্টে স্থির হয়েছে। লেনদেনের একপর্যায়ে ১১৮ ডলার পর্যন্ত দাম উঠেছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ১২ সেন্ট হয়েছে।
অক্টোবরজুড়ে দুই ধরনের অপরিশোধিত তেলের দামই বেড়েছে। ব্রেন্টের দাম বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১৫ দশমিক ২ শতাংশ।
সূত্র: আলজাজিরা