আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বাধা সৃষ্টি করলে তাকে দল থেকে ছিটকে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ মঙ্গলবার সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
আইনমন্ত্রী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী একটি ফর্মুলা দেবেন। সে অনুযায়ী নেতাকর্মীদের কাজ করতে হবে। এর বাইরে কেউ গেলে তাকে দলছুট করা হবে। দলের ভেতরে থেকে যারা মুনাফিকি করবেন, তারেক রহমান তাদের ক্ষমা করবেন না।
আসাদুজ্জামান আরও বলেছেন, প্রত্যেক ইউনিয়নের তথ্য প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে সংরক্ষিত থাকবে। আগামী স্থানীয় নির্বাচনে বিএনপি জয়ের সম্ভাবনা রয়েছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে চায়। বড় নেতা হলেও তার পরাজয়ের আশঙ্কা থাকলে দল তাকে মনোনয়ন দেবে না।
তিনি বলেছেন, ‘আমার দল যদি না জেতে, তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কী হবে? আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসত, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছু যেত-আসত না।’
দলীয় মনোনয়নের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে আইনমন্ত্রী বলেছেন, ‘দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। আপনার পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিলেন, কিন্তু তিনি যদি না জেতেন, তাহলে হবে না। আমরা সব নজরে রাখছি। যদি দেখি, আপনি দলের সঙ্গে বেঈমানি করছেন, দলের ঊর্ধ্বে উঠে বিকল্প কিছু করছেন, তাহলে আপনাকে ধরার অধিকার আমারও আছে।’
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।