Image description

আগামী ১ অক্টোবর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একই স্থানে দুই পক্ষের সমাবেশের প্রস্তুতির খবরে দিনাজপুরের পার্বতীপুর শহরে আতঙ্ক বিরাজ করছে। আজ শনিবার পার্বতীপুর প্রেস ক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে দুই পক্ষের নেতাদের বক্তব্যে এমন আশঙ্কার ইঙ্গিত পাওয়া গেছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে আয়োজিত এক পক্ষের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নবগঠিত পার্বতীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহ, পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাদত হোসেন সাদো ও মাহাবুর রশিদ সংগ্রাম এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বাবু ও শরিফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামী ১ সেপ্টেম্বর সকালে পার্বতীপুর শহরের ঢাকা মোড়ে বিএনপির উদ্যোগে দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। তবে এই কর্মসূচি বাধাগ্রস্ত করতে সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের নেতৃত্বে একই এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আহ্বান করা হয়েছে।

বিএনপি উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ জেড এম রেজওয়ানুল হকসহ তার অনুসারীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা গঠনতন্ত্রের বিধি অনুযায়ী দলের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। আইনগতভাবেও এতে বাধা রয়েছে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করে আমিনুল ইসলাম শাহ বলেন, সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের উচিত, তার সমর্থকেরা যেন কোনো সংঘাতপূর্ণ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন সেদিকে খেয়াল রাখা। এ ছাড়া বহিষ্কৃত নেতা এ জেড এম রেজওয়ানুল হকের ডাকা সমাবেশে বিএনপির কোনো নেতা-কর্মী উপস্থিত বা অংশগ্রহণ করলে এবং তা প্রমাণিত হলে তাদের আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

অন্যদিকে, সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের পক্ষের নেতারা সন্ধ্যা সাড়ে ৭টায় পার্বতীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এতে সাবেক বিএনপি নেতা অধ্যাপক জালাল উদ্দিন, সাজেদুর রহমান, এ জেড এম রেজওয়ানুল হক, আকরাম আলী মাস্টার, অহিদুল হক সরদার ও সালেহ আহমেদ মঞ্জুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আকরাম আলী মাস্টার দাবি করেন, একই স্থানে দুই পক্ষের সমাবেশ ডাকার অভিযোগ সত্য নয়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হিসেবে রেজওয়ানুল হকের ব্যক্তিগত কার্যালয়ে সমাবেশ ডাকা হয়েছে। এটি আগে বিএনপির দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

তিনি আরও বলেন, পার্বতীপুর বিএনপির তৃণমূলের অর্ধেকের বেশি নেতাকর্মী দীর্ঘদিন ধরে সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের নেতৃত্বে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। তারা নবগঠিত কমিটিকে প্রত্যাখ্যান করেছেন।

উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটি গত ২১ জানুয়ারি এ জেড এম রেজওয়ানুল হককে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এরপর দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে এজেডএম রেজওয়ানুল হকের অনুগত ২২ জন প্রবীণ নেতকর্মীকেও বহিষ্কার করা হয়।