Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতির লক্ষ্যে জেলা ইউনিটগুলোকে এ নির্দেশ দেওয়া হয়।

প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা সম্ভব না হলে আপাতত আংশিক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনাপত্রে এ কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব না হলে ১১ থেকে ১৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা যাবে। ওই আংশিক কমিটিকে পরবর্তী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। যেসব উপজেলায় ইতিমধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে অথবা আগামী দিনে গঠন করা হবে, সেসব কমিটিকে ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের কাজ শুরু করতে বলা হয়েছে।

 

উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের ক্ষেত্রে আহ্বায়কের বয়স ৪০ বছরের বেশি হতে হবে। সদস্যসচিবের বয়স ৩৫ বছরের বেশি হলে ভালো, তবে কোনোভাবেই ৩০ বছরের নিচে কাউকে এ পদে রাখা যাবে না। যারা ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন অথবা সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন, তাদের আহ্বায়ক বা সদস্যসচিব পদে অগ্রাধিকার দেওয়া যেতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আহ্বায়ক ও সদস্যসচিবের মধ্যে অন্তত একজনের বাসা শহর বা শহরের আশপাশে হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দুজনেরই শহর বা শহরের আশপাশে বসবাস হলে তা ভালো বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে মানুষের কাছে গ্রহণযোগ্য, পরিচিত, নেতৃত্ব দেওয়ার সক্ষমতাসম্পন্ন, সংগঠনের প্রতি আনুগত্যশীল এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের বিবেচনায় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিটি উপজেলা কমিটিতে ন্যূনতম ৫ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি অঞ্চলভিত্তিক বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর সব জেলা ইউনিটের আহ্বায়ক ও সদস্যসচিবকে উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মুখ্য সংগঠকের কাছে লিখিত প্রতিবেদন দিতে হবে।