বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় অনুষ্ঠানের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অনুদান, চাঁদা দাবি, চাঁদা আদায় কিংবা অর্থ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
দলের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে অভিযোগ ও প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বার্তা দেন।
স্ট্যাটাসে আহম্মদ সোহেল মনজুর বলেন, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে দলীয় অনুষ্ঠানের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো ধরনের অনুদান, চাঁদা দাবি, চাঁদা আদায় বা অর্থ সংগ্রহ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আরও উল্লেখ করেন, দলের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, সুবিধাবাদী কর্মকাণ্ড, ব্যক্তিস্বার্থ হাসিল কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
দলের শৃঙ্খলা, নীতি ও ভাবমূর্তি রক্ষায় নেতাকর্মীদের দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা মেনে পালন করতে হবে।