Image description

কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের প্রশংসা করে দেশ ও জনগণের স্বার্থে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

স্ট্যাটাসে রাশেদ খান বলেন, ‘কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আমার কাছে সবসময় প্রিয়। দেশ ও জনগণের স্বার্থে তারা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না। গণঅভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। আমি তাদের ধন্যবাদ জানাই। দেশমাতৃকার প্রয়োজনে সজাগ থাকো হে বীর দেশপ্রেমিক শিক্ষার্থীরা।’

 
 

এর আগে জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষার্থী ও এনসিপির মধ্যে উত্তেজনা দেখা দেয়।

শুক্রবার (২৮ আগস্ট) মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদ্রাসাশিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেন। একই সঙ্গে হাসনাত আব্দুল্লাহকে ওই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।

 

এর পর শনিবার একই স্থানে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে শনিবার বিকেল ৪টায় একই মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা রয়েছে।

একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।