দেশের ব্যস্ততম মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের কবলে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। সাধারণ জনগণ সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনার খেসারত দিচ্ছে মন্তব্য করেছে জামায়াত বলেছে, যানবাহন যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না করে ব্রিজ সংস্কারকাজে হাত দেওয়া সরকারের চরম দায়িত্বজ্ঞানহীন একটি সিদ্ধান্ত।
দলটির মিডিয়া উইং শনিবার দুপুরে জানিয়েছে, শুক্রবার বিকাল থেকে এই জ্যাম শুরু হয়ে এখন পর্যন্ত চলমান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশ থেকে এই যানজট শুরু হয়ে কুমিল্লার চান্দিনার মাধাইয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে।
জামায়াত বলেছে, ‘মূলত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশের একটি ব্রিজ সংস্কারকে কেন্দ্র করে এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। যানবাহন যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা না করে ব্রিজ সংস্কারকাজে হাত দেওয়া সরকারের চরম দায়িত্বজ্ঞানহীন একটি সিদ্ধান্ত। সরকার এবং দায়িত্বশীল কর্তৃপক্ষের অবহেলা এবং অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে বিপাকে পড়েছেন হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীসহ সাধারণ যাত্রীরা।’
‘পাশাপাশি পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন ঘণ্টার পর ঘণ্টা স্থবির হওয়ার কারণে নষ্ট হচ্ছে লাখ লাখ কর্মঘণ্টা। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনার খেসারত দিচ্ছে সাধারণ জনগণ।’