Image description

সন্ত্রাস বন্ধ, আইনশৃঙ্খলার অবনতি রোধ, বেকারত্ব দূরীকরণ ও অর্থনীতির ঝুঁকি মোকাবিলায় গত ছয় মাসে সরকারের কোনো সফলতা নেই বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট: জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা আয়োজন করে এবি পার্টির চট্টগ্রাম মহানগর শাখা।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রথম ১৮ মাসে এক কোটি শিক্ষিত বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল।

কিন্তু গত ছয় মাসে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে। এতে শত শত শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

তিনি বলেন, কথা ও কাজে মিল না থাকার কারণে সরকার কর্মসংস্থান সৃষ্টির বদলে দিন দিন বেকার সমস্যাকে প্রকট করে তুলছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে বেকারত্বের পাশাপাশি দ্রব্যমূল্য আরও বাড়তে থাকবে।এবি পার্টির চেয়ারম্যান বলেন, মানুষের আয় ও ব্যয়ের ব্যবধান বাড়তে থাকলে সরকার জনসমর্থন হারাবে। অতীত অভিজ্ঞতা বলে, সরকার অজনপ্রিয় হয়ে পড়লে ক্রমশ স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে এবং সমালোচনা সহ্য করার মানসিকতা হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে সুশাসন ও গণতন্ত্র রক্ষায় আবারও সরকারের বিরুদ্ধে গণআন্দোলন অনিবার্য হয়ে পড়ে।

তিনি আরও বলেন, সরকারি দলের জ্যেষ্ঠ নেতারা একেক সময় একেক ধরনের বক্তব্য দেওয়ায় গণভোটের রায় ও জুলাই সনদ নিয়ে জনমনে অনাস্থা বাড়ছে।সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের আপস, কালক্ষেপণ কিংবা রাজনৈতিক কৌশলের আশ্রয় নেওয়ার সুযোগ নেই।

আলোচনা সভায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় নেতা আতাউর রহমান নূরসহ মহানগরের নেতারা বক্তব্য দেন।

মহানগর যুগ্ম সদস্য সচিব যায়েদ হাসান চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন এবি যুব পার্টির সদস্য সচিব মো. জাবেদ ইকবাল, চট্টগ্রাম মহানগর নেতা আজগর হোসাইন, সঞ্জয় চৌধুরী বিশু, সুমন চৌধুরী, আরশাদ হোসাইন, সোহরাব হোসেন পিয়াস প্রমুখ।

শীর্ষনিউজ