ঝালকাঠি-১ আসনের এমপি রফিকুল ইসলাম জামালের ফেসবুকে দেওয়া একটি পোস্ট ভাইরাল হওয়ার পর এবার ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের একটি ফেসবুক পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়’ এবং ‘চোরের মায়ের বড় গলা’। ধারণা করা হচ্ছে, এমপি রফিকুল ইসলাম জামালের দেওয়া স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ পোস্ট দেন। তবে শাহাদাত হোসেন দাবি করেছেন, তিনি কাউকে উদ্দেশ্য করে এসব প্রবাদ লেখেননি।
ফেসবুকে দেওয়া তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
প্রচলিত প্রবাদ
১। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।
২। চোরের মায়ের বড় গলা।
৩। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা।
শনিবার রাত ৮টা পর্যন্ত তার ওই স্ট্যাটাস ৩০ জন শেয়ার করেছেন এবং ২৩২ জন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট শামীম আলম বাবু তার প্রতিক্রিয়ায় লেখেন, ‘বিগত ৪০ বছরের ইতিহাস বলে ঝালকাঠী জেলা বিএনপির বর্তমান নেতৃত্ব অত্যন্ত স্বচ্ছ ও পরিচ্ছন্ন। যদি কেউ এ ব্যাপারে প্রশ্ন তুলতে চায়, তাহলে বুঝতে হবে তাদের উদ্দেশ্য ভিন্ন।’
এভাবে জেলা বিএনপিতে শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে পরিচিত নেতাকর্মীরা তার স্ট্যাটাসের পক্ষে মতামত ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ঝালকাঠি জেলা বিএনপির রাজনীতিতে এমপি রফিকুল ইসলাম জামাল এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের পাল্টাপাল্টি স্ট্যাটাসের মধ্য দিয়ে জেলা বিএনপির বিভাজন আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে শনিবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন ‘আমার দেশ’কে বলেন, ‘আমি আসলে কাউকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রবাদ বাক্য লেখিনি। এখন যদি কেউ এটা নিজের গায়ে টেনে নেয়, সে দায়িত্ব তো আমার না।’