Image description

চট্টগ্রামে মদ খেয়ে সড়কে মাতলামি, বিশৃঙ্খলা সৃষ্টি ও চাঁদাবাজির অভিযোগে নগর বিএনপির সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৭ আগস্ট) রাত আড়াইটার দিকে নগরীর এসএস খালেদ রোডের ফ্রেন্ডস ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম শাহেদ বক্স। তিনি নগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, শাহেদ বক্সের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল বশর অভিযোগ করে জানান, গত প্রায় ২০ দিন ধরে শাহেদ বক্স ক্লাবের পরিবেশ চরমভাবে ক্ষুণ্ন করে আসছিলেন। তিনি নিয়মিত ক্লাব প্রাঙ্গণে এসে জ্যেষ্ঠ সদস্যদের উদ্দেশ্যে চরম অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অপমান করতেন। শুধু তাই নয়, বহিরাগতদের নিয়ে এসে ক্লাবের ভেতর মদ্যপান ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেন তিনি।

আবুল বশর আরও জানান, ফ্রেন্ডস ক্লাবের ইনডোর গেমসের আয় ও খেলোয়াড়দের অনুশীলনের জন্য সংরক্ষিত তহবিল থেকে শাহেদ বক্স অন্যায়ভাবে টাকা ও চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে তিনি ক্লাবের সদস্যদের নিয়মিত হুমকি-ধমকি দিতেন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কাউন্সিলরশিপের দাবির বিষয়ে ফ্রেন্ডস ক্লাবের সভাপতি জানান, শাহেদ বক্স বর্তমানে ফ্রেন্ডস ক্লাবের কোনো নিবন্ধিত সদস্য নন। প্রায় ৩৫ বছর আগে তিনি কেবল জুনিয়র পর্যায়ে টেবিল টেনিস ও ক্রিকেট খেলতেন।

তিনি বলেন, যেখানে ফ্রেন্ডস ক্লাবের বর্তমান সভাপতি বা সাধারণ সম্পাদক এখনো সিজেকেএসের কাউন্সিলর হননি, সেখানে ক্লাবের কোনো পদে না থেকেও তিনি অন্যায়ভাবে সিজেকেএসের কাউন্সিলরশিপ দাবি করে আসছিলেন।