Image description

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তরের চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেইল করেছে।

আজ শনিবার জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা ও দ্বিতীয়বর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের এই কৃতিত্বকে ছিনতাই করতে চায়, যার ওপর ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চায়, তাদের কাছে আমরা অনেকবার বলেছি যে, চেতনা বিক্রির রাজনীতি দেশে ফেইল করেছে (ব্যর্থ হয়েছে)।

গণঅভ্যুত্থান নিউটনের কোনো আপেল ছিল না, বরং এটি ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল ছিল বলে মন্তব্য করেছেন তিনি।

মন্ত্রী বলেছেন, গণঅভ্যুত্থান কোনো নিউটনের আপেল ছিল না। এটাকে আমাদের পাকাতে হয়েছে, এটা কখনো অটোমেটিক ছিড়ে পড়েনি। দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে এই আপেলকে এই আন্দোলনকে, এই গণঅভ্যুত্থানকে আমাদের পেরে নিতে হয়েছে।

এনসিপিকে উদ্দেশ্য করে সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলে পুরাতন বন্দোবস্তের ধারায়। তাদেরকে সংশোধন হতে বলব।

‘রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণির ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করে, সেটা ঠিক নয়। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। রাজনীতির মাঠ অনেক কঠিন, বন্ধুর এবং কণ্টকাকীর্ণ পথ। এতো সহজ নয়’, যোগ করেন মন্ত্রী।

দল হিসেবে বিএনপির কথা স্মরণ করে মন্ত্রী আরও বলেছেন, কেউ যদি মনে করে, মাত্র ৩৬ দিনের আন্দোলনের ভেতরে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কিছুই নেই, তাহলে এটাও রাজনৈতিক অপরিপক্কতা।