Image description

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়িতে গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় হেফাজত আমিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে লিখিত দাবি-দাওয়া তুলে দেওয়ার কথা রয়েছে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, প্রধানমন্ত্রীর আগমনকে তারা আনন্দের সঙ্গে দেখছেন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে লিখিত দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে।

সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

এরপর দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। সেখান থেকে ফটিকছড়ির উদ্দেশে রওনা হয়ে দুপুর ১টা ৩৫ মিনিটে পেলাগাজী দিঘির মাঠে হেলিকপ্টারে অবতরণের কথা রয়েছে তার।

পরে প্রধানমন্ত্রী ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন।

হেফাজত আমিরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে বাবুনগর মাদরাসায় দায়িত্ব থাকায় ঢাকায় যাওয়া সম্ভব না হওয়ায় প্রধানমন্ত্রী নিজেই ফটিকছড়িতে এসে তার সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ফটিকছড়িতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, হেলিপ্যাড নির্মাণ, অনুষ্ঠানস্থল প্রস্তুত, সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা জোরদারের কাজ চলছে।

ফটিকছড়ির কর্মসূচি শেষে দুপুর ২টা ৩০ মিনিটে হাটহাজারীর উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর। সেখানে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা পরিদর্শন ও মোনাজাতে অংশ নেবেন তিনি।

বিকেল ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম জেলা পরিষদ ডাকবাংলোয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় এবং বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের একটি হোটেলে স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

শীর্ষনিউজ