নোয়াখালীর বেগমগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা। তবে এ ঘটনায় পুলিশ শান্ত নামে এক ছাত্রলীগকর্মীকে গ্রেপ্তার করেছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকার আড্ডা বাড়ির সামনের সড়কে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ভোরে চৌমুহনী পৌরসভা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করতে একত্রিত হন। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে যান। একপর্যায়ে সকাল ১০টার দিকে চৌমুহনী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার সাইফুল্লার নেতৃত্বে টিকা মিছিল করে ছাত্রলীগ। মিছিলে ছাত্রলীগের প্রায় ৮০-১০০ জন নেতাকর্মী অংশ নেন। বেলা ১১টার দিকে পুলিশ শান্ত নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. শামসুজ্জামান মিছিলের বিষয়টি নিশ্চিত করে বললেন, ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতকর্মীরা মিছিল করতে একত্রিত হয়। তাৎক্ষণিক পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা আবার একত্রিত হয়ে একটি ঝটিকা মিছিল করে বলে শুনেছি। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাও হয়েছে।