বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগী বলেছেন, ‘আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি। নির্যাতন সয়েছি, প্রাণ দিয়েছি, জেল খেটেছি; তবু মাথা নোয়াইনি। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিজয় এসেছে। এখন নতুন বাংলাদেশ গড়ে তোলার সময়।’
শনিবার বিকালে লালমনিরহাট শহরের এমটি হোসেন মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ এর সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘মাদকের আগ্রাসনে যুবসমাজ ধ্বংস হচ্ছে। জনগণকে সচেতন করে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়তে হবে। আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে লালমনিরহাটে যে সামাজিক আন্দোলন শুরু হয়েছে, তা গোটা দেশে ছড়িয়ে পড়ুক।’
তিনি আরও বলেন, ‘মাদক, যৌতুক ও জুয়াকে না বলুন। তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। এতে তিস্তাপাড়ের মানুষের নতুন দিগন্ত খুলবে। সামাজিক অপরাধ দমন করতে পারলে আমরা সমৃদ্ধ দেশ গড়তে পারব।’
উন্নয়ন কর্মসূচি তুলে ধরে মন্ত্রী বলেন, ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-মুয়াজ্জিনের বেতন-ভাতা দেওয়া শুরু হয়েছে। আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’
সভায় ‘আলোকিত লালমনিরহাটের’ মূল প্রবন্ধ পড়েন আন্দোলনের প্রধান পৃষ্ঠপোষক ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
জেলা প্রশাসক রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা, শিশুবিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রী এজেড জাহিদ হাসান, সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, সংসদ সদস্য হাসান রাজিব প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান ও জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক।
আলোচনা শেষে মন্ত্রীদের নেতৃত্বে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়।