রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে জামায়াত।
আজ শনিবার বিকেলে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে ঘটে এ ঘটনা। ঘটনার পর সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা। পরে পরিস্থিতি শান্ত হলেও ফুলবাড়িয়া মার্কেট ও বিআরটিসি কাউন্টারের আশপাশের এলাকায় অবস্থান নেয় উভয় দলের নেতাকর্মীরা।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন অভিযোগ করেন, গুলিস্তান এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা চাঁদাবাজি ও দখলবাজি করে আসছেন। সম্প্রতি তারা একটি মার্কেট তালাবদ্ধ করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ব্যবসায়ীদের অনুরোধে জামায়াতের স্থানীয় নেতারা তাদের পাশে দাঁড়ান।
তার ভাষ্য, ওই ঘটনার ধারাবাহিকতায় শনিবার সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে ফুলবাড়িয়ায় একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে স্থানীয় ব্যবসায়ীরাও অংশ নেন। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান।
মিছিলে অংশ নেওয়া জামায়াতের এক কর্মী দাবি করেন, হামলায় আহত ২৫ থেকে ৩০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে তিন থেকে চারজনের অবস্থা গুরুতর।
তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।