সুদ, ঘুষ ও দুর্নীতিতে আমাদের রাজনীতিবিদরা এক নম্বরে আছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দীন নিজান। তিনি বলেছেন, আমাদের সূচনাটাই অন্যায়ের মধ্য দিয়ে।
এ ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদরা এক নম্বরে আছেন। এমনকি সুশীলরা লাভ চান, প্রশাসন, সাংবাদিক ও শিল্পী সবাই লাভ চান। সবাই লাভের হিসাব করলে রাষ্ট্র উন্নত হবে কিভাবে?
শনিবার (৪ জুলাই) সকালে লক্ষ্মীপুরে রামগতি উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা ভালো সমাজব্যবস্থা চায় না। ওসি, ইউএনও সাহেবদের থেকে ভালো সার্ভিস চাই। রাজনীতিবিদদের থেকেও সার্ভিস চাই। কিন্তু নাগরিক হিসেবে যে কর্তব্য আছে, সেটা দেখি না।
অন্যায়ের কথা মুখে বলতেও পারি না। আমাদের সব কিছু এভাবে হারিয়ে যাচ্ছে। অতীতের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে।
হুইফ আশরাফ উদ্দিন নিজান বলেন, রোগ হওয়ার চেয়ে রোগ যেন না হয়, সে ব্যবস্থা করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বাজেট বক্তব্যে বলেছেন ন্যাশনাল হেলথ সেন্টার চালু করা হবে। রোগ যেন না হয় সেদিকে আমাদের সতর্ক থাকা প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
শীর্ষনিউজ