Image description

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা না নেওয়ায় থানায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন এনসিপির নেতাকর্মীরা। এরই প্রেক্ষিতে থানার গেট ভেঙে আবারও হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে এক ফেসবুক পোস্টে হামলার বিষয়টি নাসীরুদ্দীন পাটওয়ারী নিজে জানান।

 

পোস্টে তিনি লেখেন, ‘থানার গেট ভেঙে বিএনপি-ছাত্রদল-যুবদল হামলা করেছে।’ আরও একটি ভিডিও সংযুক্ত করেছেন তিনি। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, থানার সামনে পুলিশের গাড়িসহ একাধিক মানুষের উপস্থিতি। এ ছাড়া আরও একটি স্ট্যাটাসে তিনি লেখেন, প্লিজ, সেভ আস’।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার এক পর্যায়ে ছাত্রদল নেতা সাহেদ আহম্মেদের পেছন দিক থেকে কিছু যুবক নাসীরুদ্দীনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হয়। এ ঘটনার পর এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ শুরু করে।

 

পরে হামলার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করতে ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা থানার বাইরে অবস্থান নেন।

এর আগে, হামলার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন হামলা চালিয়েছে। তারা ডিম নিক্ষেপ করেছে। আমাদের ৩/৪ জন আহত হয়েছেন। আমরা এই ন্যক্কারজনক হামলার বিচার চাইব। আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আইনমন্ত্রীর এলাকাতেই যদি আইনশৃঙ্খলার এরকম অবস্থা হয়, তাহলে তার মন্ত্রী থাকার দরকার নেই।

 

এ বিষয়ে সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।

 

মামলা গ্রহণে এনসিপির অভিযোগের বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, সার্ভার ডাউন রয়েছে। যে কারণে এখনও অভিযোগ নেওয়া সম্ভব হয়নি। তবে যেহেতু আমলযোগ্য অপরাধ বিষয়ে অভিযোগ, কাজেই অভিযোগপত্র না নেওয়ার সুযোগ নেই। সার্ভার স্বাভাবিক হলেই আমরা অভিযোগ অনলাইনে এন্ট্রি করব।