Image description

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ মে) দুপুর দুইটার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তাঁর সঙ্গে কথা বলতে আসেন। কথা বলার একপর্যায়ে সাহেদ আহম্মেদের পেছন থেকে কিছু যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় কয়েকজন যুবক এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলা চালান। হামলাকারীদের হাতে লোহার রড, লাঠিসোটা ও হকি স্টিক ছিল। সাধারণ মানুষ এ ঘটনায় আতঙ্কিত হয়ে দিগ্বিদিক দৌড়াদৌড়ি করতে থাকেন। হামলায় পুলিশসহ এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হয়েছেন। ঘটনার পর এনসিপির নেতারা বিক্ষোভ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন হামলা চালিয়েছে। তারা ডিম নিক্ষেপ করেছে। আমাদের তিন-চারজন আহত হয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক হামলার বিচার চাই। আমি আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আইনমন্ত্রীর এলাকাতেই যদি আইনশৃঙ্খলার এই অবস্থা হয়, তাহলে তাঁর মন্ত্রী থাকার দরকার নেই।’

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।