রাজধানীর উত্তরায় ব্যবসায়ী আবুল কাশেমের বাড়িতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে কী কারণে গুলির ঘটনা ঘটে তা জানা যায়নি।
উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর সমকালকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এ.কে.এইচ গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়িতে এ নিয়ে দ্বিতীয়বার গুলির ঘটনা ঘটল। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ওই ব্যবসায়ীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের ৪২ নম্বর বাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, কয়েক মাস আগেও একই কায়দায় ওই ব্যবসায়ীর বাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় করা মামলার তদন্ত এখনও চলছে।