ধর্ষকের শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে ‘মধ্যযুগীয়’ বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন, তা রাসূল (সা.) এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে অনতিবিলম্বে এই মন্তব্য প্রত্যাহারেরও আহ্বান জানায় দলটি।
শুক্রবার (২২ মে )গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে মূলত তিনি রাসূল (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন।
এ সময় সরকারি দলের অবস্থানের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের এই নেতা।
তিনি বলেন, সরকারি দলের নীতিনির্ধারকরা প্রায়শই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরিয়াহ-বিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ মৌখিক অঙ্গীকার ব্যক্ত করে থাকেন। অথচ বাস্তব ক্ষেত্রে ইসলামী শরিয়াহ আইনকে ‘মধ্যযুগীয়’ বলে হেয় প্রতিপন্ন করার মাধ্যমে তাদের আদর্শিক দেউলিয়াত্ব, সস্তা রাজনৈতিক অবস্থান এবং চরম দ্বিচারিতারই বহিঃপ্রকাশ ঘটেছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবমাননাকর মন্তব্য দেশের আপামর মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে এবং সামগ্রিকভাবে তাদের ক্ষুব্ধ ও উসকে দিয়েছে। দেশের ধর্মপ্রাণ নাগরিক সমাজ মনে করে, এই বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী শরিয়াহ আইনের প্রতি চরম অবমাননা প্রদর্শন করেছেন।
বিবৃতিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার এই অবমাননাকর মন্তব্য দ্রুত প্রত্যাহার করার আহ্বান জানানো হয়।