রংপুর মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ১৪৫টি ইয়াবাসহ ফজলুল হক নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) মধ্যরাতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকার গোসাইবাড়ী গ্রামে অভিযান চালিয়ে ওই বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফজলুল হক মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন কমিটির সদস্য। তিনি উপজেলার বাতাসন দুর্গাপুর এলাকার আব্দুল হামিদ রাজার ছেলে।
গ্রেপ্তার অন্য দুজন হলেন মহানগরীর নিউ জুম্মাপাড়া এলাকার আবুল কালামের ছেলে শাহজাহান কামাল মানিক ও হারাগাছ থানার দক্ষিণ বাহার কাছনা এলাকার বাদশা মিয়ার ছেলে রাজু মিয়া। তারা মাদক কারবারি বলে দাবি পুলিশের।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ মে) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন বলেন, ফজলুল হক বিএনপির সাবেক ইউনিয়ন সভাপতি ও বর্তমান লতিবপুর ইউনিয়ন কমিটির সদস্য। ইয়াবাসহ ফজলুল হক গ্রেপ্তারের বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানের অংশ হিসেবে তিনজনকে ১৪৫টি ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। নগরবাসীর সহযোগিতায় রংপুর মহানগরকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।