Image description

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একতরফা নির্বাচন বাতিল ও পুনঃতফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ ও কালোপতাকা মিছিল করেছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

 

বুধবার দুপুরে ‘সাধারণ আইনজীবী পরিষদের’ ব্যানারে চট্টগ্রাম আদালত ভবনে তারা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিএনপিকে তারা ‘ভোট চোর’, ‘ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে পরিচিত জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা যুগান্তরকে বলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একতরফা নির্বাচন আমরা মানি না। আমাদের দাবি- ফরমায়েশি নির্বাচন কমিশনের অধীনে প্রহসনের নির্বাচন বাতিল করে নতুন তফসিল ঘোষণা করতে হবে। যাতে সাধারণ আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ১০০ বছরের পুরোনো আইনজীবী সমিতিতে এমন ন্যক্কারজনক ঘটনা আগে ঘটেনি। আগে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনে দলমত নির্বিশেষ সব আইনজীবী বিভিন্ন প্যানেলে অংশ নিয়েছে। গুরুত্বপূর্ণ সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরাও নির্বাচিত হয়ে এসেছিলেন।

গত বুধবার ‘পক্ষপাতিত্বের’ অভিযোগ তুলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় জামায়াত সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’।

এর আগে ৫ মে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি আইনজীবীদের একাংশের বিরুদ্ধে ফরম বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠে। জেলা আইনজীবী সমিতির বার লাইব্রেরি মিলনায়তনে নির্বাচন কমিশনের কাছ থেকে ফরম কিনতে গেলে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে সাধারণ অনেক আইনজীবীকেও লাঞ্ছিত করে ঢুকতে দেওয়া হয়নি। দরজা বন্ধ করে রাখা হয়। এতে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

তফশিল অনুযায়ী, ৫ মে ছিল মনোনয়নপত্র বাছাই, ৬ মে ছিল আপত্তি শুনানি, ৮ মে মনোনয়ন প্রত্যাহার এবং ৯ মে চূড়ান্ত প্রার্থী তালিকা  প্রকাশ । ২১ মে ভোটগ্রহণ। তবে অন্য কোনো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা না করায় শেষপর্যন্ত বিএনপিপন্থি প্যানেলকে বিজয়ী ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।