আট বছর পর রাঙামাটি জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। রবিবার সকাল সাড়ে ১১টা থেকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে তারা কমিটি বাতিলের দাবি জানান। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা এর আগে পৌরসভা এলাকা থেকে একটি মিছিল বের করেন।
পদবঞ্চিতদের অভিযোগ, বিবাহিত, চাঁদাবাজ ও অপহরণে জড়িত ব্যক্তিদের টাকা ও উপহারের মাধ্যমে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। তারা এই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান ও দাবি না মানা হলে হরতালের হুমকি দেন।
উল্লেখ্য, শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ২৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।