যারা আমার জানাজা পড়তে মানা করছে, তারা জামায়াতের লোক, এমন মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। শনিবার (২ মে) ইটনা উপজেলার বিভিন্ন হাওরে ডুবে যাওয়া বোরো ফসল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফজলুর রহমান বলেন, জানাজা পড়ানোর যে ব্যাপারটা, তারা কী নির্দিষ্ট করে ফেলেছে? যেমন নির্বাচনের আগে বেহেশতের টিকিট দিয়ে দিয়েছিল। তারা কী নির্দিষ্ট করে ফেলেছে আজকে বা কবে আমার মরণ হবে? যিনি বলছেন আমার জানাজা পড়াবেন না, তাকে তো আমার আগেও, আল্লাহ নিয়ে যেতে পারে।
তিনি আরও বলেন, আমি আল্লাহর রাসূলে (সা.) বিশ্বাসী মানুষ, কুরআনে বিশ্বাসী মানুষ। আমি আগেই বলেছি, একটি নির্দিষ্ট বয়সের পর রাজনীতি ছেড়ে দেব, আর নির্বাচন করব না। আমি যেদিন রাজনীতি ছেড়ে দেব, সেদিন থেকে আল্লাহকে পাওয়ার পথে চলব, আর সেই পথ আহলে সুন্নাত ওয়াল জামাতের।
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, আমি সুফিবাদী ধারার মানুষ। এ দেশে যতদিন ওলি-আউলিয়া, গাউস, কুতুব, দরবেশ থাকবেন, ততদিন হযরত শাহজালাল ও শাহপরান (রহ.)-এর ধারাও থাকবে। আমি বংশানুক্রমিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং তাদের সাথেই থাকব।
জানাজা প্রসঙ্গে তিনি বলেন, আমি সুফিবাদী লাইনের মানুষ। কাজেই আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই। আমার বহু পীর, আউলিয়া, গাউস, কুতুব, দরবেশ আছেন। আমি বিশ্বাস করি, আমার লাশ যেদিন তাদের সামনে রাখা হবে, জানাজা পড়ার মানুষের অভাব হবে না। কারণ আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক।