কক্সবাজারের টেকনাফ পৌরসভায় বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। আগুনে কার্যালয়টির আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার ভোররাতে টেকনাফ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া বার্মিজ মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দলীয় কর্মকান্ড ব্যাহত করতে এক জামায়াত নেতার ছত্রছায়ায় থাকা স্থানীয় কয়েকজন চিহ্নিত মাদককারবারী ও পতিত স্বৈরাচারের দোসররা মিলে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের দ্রত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘আগে থেকে এই এলাকার কিছু অপরাধী হুমকি দমকি দিয়ে আসছিল। আমরা ধারনা করছি, তারা কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে। ইতি মধ্য কিছু নাম এসেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সাথে জড়িত সবাই আইনের আনার দাবি করছি।’
টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আইনশৃংখলা বাহিনীর সহায়তায় এই ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করা হবে।’
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের বাড়তি নজরদারী রয়েছে।