Image description

একটি টেলিভিশন সিরিজ। অথচ তাকে ঘিরে পাকিস্তান, ভারত ও বাংলাদেশে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ভারতের দর্শক নিষেধাজ্ঞা উপেক্ষা করে নাটকটি দেখছেন। কোথাও হচ্ছে ওয়াচ পার্টি, কোথাও বড় পর্দায় প্রদর্শনী। বেঙ্গালুরুতে প্রদর্শনী বাতিল করতে হয়েছে সমালোচনা ও চাপের মুখে। প্রশ্ন হচ্ছে, একটি নাটক নিয়ে এত অস্বস্তি কেন?

 

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ এখন উপমহাদেশের আলোচিত সাংস্কৃতিক ঘটনা। পাকিস্তান ও বাংলাদেশে তো বটেই, ভারতেও নাটকটি জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ভারতীয় তরুণী ও নারী দর্শকদের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের উন্মাদনা। সামাজিক যোগাযোগমাধ্যমে আবু বকর চরিত্র নিয়ে চলছে আলোচনা। কেউ বলছেন, এমন একজন জীবনসঙ্গীই তারা চান।

 

একটি কাল্পনিক চরিত্র ঘিরে এমন উন্মাদনা বিস্ময়কর। কিন্তু এই জনপ্রিয়তার পেছনে কী আছে? কেন ভারতীয় দর্শকরা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকটি দেখছেন? কেনই বা ভারতের একটি অংশ এই জনপ্রিয়তাকে সহজভাবে নিতে পারছে না? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে নাটকটির গল্প, চরিত্র এবং উপমহাদেশের সাংস্কৃতিক রাজনীতির দিকে তাকাতে হবে।

 

কী আছে দার-এ-নিজাতের গল্পে?

উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকের গল্প মূলত প্রেম, বিশ্বাসঘাতকতা, পারিবারিক সম্পর্ক, মানসিক ক্ষত এবং নতুন করে জীবন শুরুর আকাঙ্ক্ষা ঘিরে। গল্পের কেন্দ্রীয় চরিত্র জারিয়াব। তার জীবনে প্রথমে আসে শৈশবের ভালোবাসার মানুষ জামিল। কিন্তু সেই সম্পর্ক বিশ্বাসঘাতকতা ও জটিলতায় ভেঙে যায়। একসময় জারিয়াবের জীবনে আসে আবু বকর। শান্ত স্বভাবের, ধর্মপ্রাণ এবং সহানুভূতিশীল এ মানুষটি তার জীবনে নতুন সম্ভাবনা তৈরি করে।

 

কিন্তু নতুন সম্পর্ক মানেই অতীত থেকে মুক্তি নয়। পুরোনো অভিজ্ঞতা, পারিবারিক টানাপোড়েন এবং মানুষের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বারবার সামনে আসে। এভাবেই এগিয়ে যায় গল্প। গল্পের আবেগ, পারিবারিক টানাপোড়েন, ভালোবাসা আর একের পর এক নাটকীয় মোড়— সব মিলিয়ে দর্শকমহলে বেশ জনপ্রিয় পাকিস্তানের জনপ্রিয় সিরিয়াল ‘দার-ই-নিজাত’। তবে নাটকটির জনপ্রিয়তার পেছনে শুধু প্রেমের গল্প কাজ করেনি। এর পারিবারিক সম্পর্কের উপস্থাপন, আবেগ, সংলাপ এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বও দর্শকদের টেনেছে। এ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার (আবু বকর আমান), দুর-ই-ফিশান সেলিম (জারিয়াব হাবিব) এবং নামীর নওয়াজ খান (জামিল হোসেন), রোমাইসা খান (হামনা), সানিয়া সাঈদ (আবু বকরের মা) এবং সাহার হাশমী (বেল্লা)। উমেরা আহমেদের রচনায় ‘দার-ই-নিজাত’ সিরিয়ালটি পরিচালনা করেছেন সাকিব খান।

 

নাটকটির জনপ্রিয়তা ও দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নির্মাতারা এর পর্ব সংখ্যা ৩৮ থেকে বাড়িয়ে ৪২ করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

মেয়েরা আবু বকরে এত মুগ্ধ কেন?

প্রশ্নটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ নাটকটির নারী দর্শকদের বড় একটি অংশ আবু বকরকে আদর্শ পুরুষ হিসেবে দেখছেন। আবু বকরের মধ্যে তারা এমন কিছু গুণ খুঁজে পাচ্ছেন, যা তাদের বাস্তব জীবনের প্রত্যাশার সঙ্গে মিলে যায়। তিনি সহানুভূতিশীল। শান্ত। দায়িত্বশীল। অন্যের অনুভূতিকে গুরুত্ব দেন। সম্পর্কের ক্ষেত্রে সম্মান ও নিরাপত্তার বিষয়টি তার আচরণে প্রকাশ পায়।

 

আজকের সমাজে অনেক নারী সম্পর্কের ক্ষেত্রে মানসিক নিরাপত্তা, সম্মান এবং বোঝাপড়াকে গুরুত্ব দেন। তারা শুধু ভালোবাসার কথা শুনতে চান না। ভালোবাসার আচরণও দেখতে চান। আবু বকর চরিত্রটি সেই প্রত্যাশার কাল্পনিক প্রতিফলন।

 

নাটকটির ভক্তদের বিভিন্ন পেজ ও মন্তব্যে একটি বাক্য বারবার দেখা যাচ্ছে। সেটিই এখন নাটকটির প্রতি উন্মাদনার প্রতীক হয়ে উঠেছে: ‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে।’ অর্থাৎ ‘আমরা ধৈর্যের ফল চাই না, আমাদের আবু বকর চাই।’ এটি উর্দু ভাষার একটি পরিচিত প্রবাদকে মজার ছলে বদলে দেওয়া। এর মধ্য দিয়ে পাকিস্তানের কাল্পনিক এক পুরুষ চরিত্রের প্রতি ভারতীয় দর্শকদের গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে।

 

নাটকটির আরেক গুরুত্বপূর্ণ চরিত্র খুশবখত। শাশুড়ি হিসেবে তার আচরণও দর্শকদের মনোযোগ কেড়েছে। তিনি নিজের জীবনে যে অবহেলা ও নির্যাতনের শিকার হয়েছেন; সেই অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের ওপর চাপিয়ে দেননি। নিজের ক্ষত দিয়ে অন্যের জীবন ক্ষতবিক্ষত করেননি। বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা মানসিক আঘাতের চক্র ভাঙার চেষ্টা করেছেন। দক্ষিণ এশিয়ার পারিবারিক সমাজে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে বউ-শাশুড়ির সম্পর্ক নিয়ে আমাদের সমাজে প্রচলিত নানা নেতিবাচক অভিজ্ঞতার বিপরীতে খুশবখত ভিন্ন দৃষ্টান্ত তৈরি করেছেন।

 

 

 

ভারতীয় সংস্কৃতি অন্য দেশে যাবে, কিন্তু অন্য দেশের সংস্কৃতি ভারতে প্রবেশ করতে পারবে না— এমন মানসিকতা সাংস্কৃতিক বিনিময়ের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা সেই একমুখী প্রবাহকে প্রশ্নের মুখে ফেলেছে।

 

 

 

নাটকটি নিয়ে সমালোচনাও রয়েছে। একাংশের নারী দর্শক এর কিছু দৃশ্যকে পুরুষতান্ত্রিক ও নারীর ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী বলে মনে করছেন। পোশাক এবং নারীর ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নাটকের কিছু উপস্থাপনাও প্রশ্নের মুখে পড়েছে। এই সমালোচনাকে অস্বীকার করার সুযোগ নেই। একটি জনপ্রিয় নাটকের সবকিছুই যে প্রশ্নাতীত হবে, এমন নয়। বরং সমর্থন ও সমালোচনা পাশাপাশি চলাই সুস্থ সাংস্কৃতিক আলোচনার লক্ষণ।

 

ভারত কেন অস্বস্তিতে?

এখানেই নাটকটির জনপ্রিয়তার সঙ্গে রাজনীতি যুক্ত হয়েছে। ২০২৫ সালের মে মাস থেকে ভারত পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের উদ্যোগ নিয়েছে। এর পেছনে কথিত জাতীয় নিরাপত্তার যুক্তি দেখানো হয়েছে। ভারত-পাকিস্তান সম্পর্কের দীর্ঘদিনের উত্তেজনা এবং ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। পাকিস্তান অভিযোগ অস্বীকার করে। এরপর দুই দেশের মধ্যে সামরিক সংঘাতও হয়।

 

এই রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়ে সাংস্কৃতিক ক্ষেত্রেও। পাকিস্তানি গান, নাটক ও অন্যান্য বিনোদনমূলক কনটেন্ট ভারতীয় দর্শকদের জন্য বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বন্ধ করা হয়। কিন্তু দর্শকদের আগ্রহ থামানো যায়নি। ভারতের বিভিন্ন শহরে মানুষ ভিপিএন ব্যবহার করে পাকিস্তানি নাটক দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা করছেন। এমনকি ব্যক্তিগত উদ্যোগে বড় পর্দায় প্রদর্শনীর আয়োজন করছেন।

 

ভারতের রাজধানী নয়াদিল্লির সাংস্কৃতিক আয়োজক ও কিউরেটর আবু সুফিয়ান খান সম্প্রতি পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-ই-নিজাত’ প্রদর্শনের আয়োজন করেছিলেন। আয়োজনটি নিয়ে তিনি নিজেই বিস্মিত হয়ে যান। সর্বোচ্চ ৪৫ জনের জন্য একটি ব্যক্তিগত প্রদর্শনীর পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু সেখানে অংশ নেওয়ার জন্য ৭০০ জনের বেশি মানুষ অনুরোধ জানান। পাকিস্তানের অন্যান্য নাটক ও গানের মতো ‘দার-ই-নিজাত’ও ভারতে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। তা সত্ত্বেও প্রতি সপ্তাহান্তে ভারতীয় দর্শকেরা ইনস্টাগ্রামে একত্র হন। তারা নাটকের বিভিন্ন দৃশ্য বিনিময় করেন, পর্ব নিয়ে আলোচনা করেন এবং এর প্রধান চরিত্র আবু বকরের প্রশংসায় মেতে ওঠেন।

 

এটি কেবল একটি নাটকের জনপ্রিয়তার হিসাব নয়। এটি দর্শকের পছন্দ এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের মধ্যে সংঘাতেরও উদাহরণ।

 

বেঙ্গালুরুতে নাটকটির দুটি বিশেষ প্রদর্শনী বাতিল হওয়ার ঘটনা এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। ২৮ নভেম্বর ফ্রেজার টাউনের একটি রেস্তোরাঁয় ৩৪ ও ৩৫তম পর্ব দেখানোর কথা ছিল। ৫ ডিসেম্বর আরেকটি ব্যক্তিগত প্রেক্ষাগৃহে প্রদর্শনীর আয়োজন ছিল। কিন্তু প্রচারপত্রে পাকিস্তানি ড্রেস কোড এবং পাকিস্তানি থিমের খাবারের উল্লেখ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে। শেষ পর্যন্ত আয়োজকরা প্রদর্শনী বাতিল করেন। তবে এর প্রতিবাদে অনেক ভারতীয় দর্শক ও তারকা অনলাইনে সরব হয়েছেন। তাদের মতে, ‘শিল্পের কোনো সীমানা নেই’ এবং এটি কেবল পারিবারিক ও মনস্তাত্ত্বিক সম্পর্কের গল্প।

 

প্রশ্ন হচ্ছে, একটি নাটক দেখার আয়োজন কেন রাজনৈতিক ও সামাজিক বিতর্কের বিষয় হয়ে উঠবে? শিল্পের বিচার কি শিল্পের মান দিয়ে হবে, নাকি শিল্পীর জাতীয়তা দিয়ে?

 

ভারতের সাংস্কৃতিক দাদাগিরির প্রশ্ন

এই ঘটনাকে আরও বড় পরিসরে দেখা প্রয়োজন। দক্ষিণ এশিয়ায় ভারতের সাংস্কৃতিক প্রভাব দীর্ঘদিনের। বলিউড, হিন্দি গান, টেলিভিশন সিরিয়াল এবং ভারতীয় বিনোদনশিল্প এই অঞ্চলের দর্শকদের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেছে। বাংলাদেশ, নেপাল, পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর বিনোদন বাজারেও ভারতীয় কনটেন্টের উপস্থিতি রয়েছে। এটি স্বাভাবিক সাংস্কৃতিক বিনিময়ের অংশ হতে পারে। কিন্তু সমস্যা তৈরি হয়— যখন সাংস্কৃতিক প্রভাবকে একতরফা আধিপত্যে পরিণত করার চেষ্টা দেখা যায়।

 

ভারতীয় সংস্কৃতি অন্য দেশে যাবে, কিন্তু অন্য দেশের সংস্কৃতি ভারতে প্রবেশ করতে পারবে না— এমন মানসিকতা সাংস্কৃতিক বিনিময়ের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা সেই একমুখী প্রবাহকে প্রশ্নের মুখে ফেলেছে। বাংলাদেশে পাকিস্তানি নাটকের জনপ্রিয়তা নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে ‘দার-ই-নিজাত’ সেই আগ্রহকে নতুন মাত্রা দিয়েছে। দর্শকরা শুধু নাটক দেখছেন না। চরিত্র নিয়ে আলোচনা করছেন। সংলাপ ভাগাভাগি করছেন। বাংলাদেশের কোন অভিনেতা কোন্ চরিত্রে মানানসই হতেন, তা নিয়েও চলছে মজার আলোচনা।

 

নেপালেও ভারতীয় সাংস্কৃতিক প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। আফগানিস্তানও এই অঞ্চলের সাংস্কৃতিক ও রাজনৈতিক বাস্তবতার বাইরে নয়। তবে পাকিস্তান, বাংলাদেশ ও নেপালকে ভারতের সাংস্কৃতিক আধিপত্যের লক্ষ্যবস্তু হিসেবে দেখার যে আলোচনা রয়েছে, তার পক্ষে আরও তথ্য ও গবেষণা প্রয়োজন। কিন্তু ভারতের সাংস্কৃতিক প্রভাব নিয়ে প্রতিবেশী দেশগুলোর অস্বস্তি যে বাস্তব রাজনৈতিক ও সামাজিক আলোচনার বিষয়, তা অস্বীকার করা যায় না।

 

নিষেধাজ্ঞা দিয়ে সংস্কৃতিকে আটকানো যায় না

আল জাজিরা জানায়, ২০২৫ সালের এপ্রিলে ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে বড় ধরনের মোড় আসে। ওই মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এজন্য পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। এরপর দুই প্রতিবেশী দেশের মধ্যে চার দিন ধরে তীব্র যুদ্ধ চলে। পরে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়।

 

এরপর থেকে ভারত স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে পাকিস্তানি সব গান, চলচ্চিত্র ও নাটক নিষিদ্ধ করে। এর মধ্যে ইউটিউবও রয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। চলতি সপ্তাহে ভারত নেটফ্লিক্সকে তাদের প্ল্যাটফর্মে প্রচারিত পাকিস্তানের প্রথম অনুষ্ঠানটি ভারতীয় দর্শকদের জন্য সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।

 

২০১৬ সালে চীনও কোরীয় পপ সংস্কৃতির ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই নিষেধাজ্ঞা প্রায় এক দশক ধরে কার্যকর ছিল। কিন্তু ভারতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর করার প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে বলেই মনে হচ্ছে। এর কারণ নিয়ন্ত্রণের মূল জায়গাটি কোথায়, সেটি। চীন তার নাগরিকেরা যেসব ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেন, সেগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখে। কিন্তু ভারতের হাতে ইউটিউবের নিয়ন্ত্রণ নেই।

 

ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় সরকারকে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের কনটেন্ট বন্ধ করার নির্দেশ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। সাধারণত এসব নির্দেশ গোপন রাখা হয়। বাস্তবে ইউটিউব ভারতের ব্যবহারকারীদের জন্য পাকিস্তানি চ্যানেলগুলো জিও-ব্লক করেছে। অর্থাৎ ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে এসব চ্যানেলের কনটেন্ট দেখার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই ভৌগোলিক নিষেধাজ্ঞা কার্যকর হয় প্ল্যাটফর্মের ওপর, দর্শকের ওপর নয়। ভিপিএন ব্যবহার করে একজন দর্শক নিজের অবস্থান অন্য দেশের বলে দেখাতে পারেন। আবার এভাবে কোনো নাটক ডাউনলোডের পর ভারতের ভেতরে থাকা কোনো অ্যাকাউন্ট থেকে সেটি নতুন করে আপলোড করাও সম্ভব।

 

পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টপটেনভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে— যেদিন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল, সেদিন ভারতে ভিপিএন অনুসন্ধানের হার ৭২ শতাংশ বেড়ে যায়। প্রতিষ্ঠানটি বলছে, ভারত ও পাকিস্তান পরস্পরের অনলাইন কনটেন্ট বন্ধ করার উদ্যোগ নেওয়ায় ভিপিএন ব্যবহারের প্রতি আগ্রহ বেড়েছে।

 

‘দার-ই-নিজাত’ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। সংস্কৃতির নিজস্ব শক্তি আছে। মানুষের আবেগ, রুচি ও পছন্দকে সব সময় রাজনৈতিক নির্দেশ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকতে পারে। ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতও বাস্তব। কিন্তু এর দায় একজন শিল্পী, একজন অভিনেতা কিংবা একটি নাটকের ওপর চাপিয়ে দেওয়া কতটা যৌক্তিক?

 

একটি দেশের সরকারের সঙ্গে সেই দেশের সাধারণ মানুষের সংস্কৃতিকে এক করে দেখা উচিত নয়। পাকিস্তানের সবকিছু ভালো, ভারতের সবকিছু খারাপ— এমন সরলীকরণও গ্রহণযোগ্য নয়। একইভাবে ভারতীয় সংস্কৃতিই শ্রেষ্ঠ, অন্যদের সংস্কৃতি গ্রহণযোগ্য নয়— এমন দৃষ্টিভঙ্গিও সংকীর্ণ। সংস্কৃতি কোনো দেশের একক সম্পত্তি নয়। এটি মানুষের সৃজনশীলতার প্রকাশ। শিল্পের শক্তি সীমান্ত অতিক্রম করার মধ্যেই।

 

‘দার-ই-নিজাত’ হয়তো একটি প্রেমের গল্প। কিন্তু এর জনপ্রিয়তা এখন আর শুধু প্রেমের গল্পে সীমাবদ্ধ নেই। এটি দর্শকের স্বাধীন পছন্দ, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সীমা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

 

ভারতের দর্শকরা যখন নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটক দেখেন, তখন তারা হয়তো কোনো রাজনৈতিক আন্দোলন করছেন না। তারা কেবল নিজেদের পছন্দের শিল্প উপভোগ করতে চাইছেন। কিন্তু এই সাধারণ চাওয়াটিই একটি বড় রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রশ্ন সামনে এনেছে। উপমহাদেশের সংস্কৃতি কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকতে পারে না। বলিউড যেমন বাংলাদেশের দর্শকের কাছে জনপ্রিয় হতে পারে, তেমনি পাকিস্তানি নাটকও ভারতীয় দর্শকের ভালো লাগতে পারে। বাংলাদেশের নাটকও পাকিস্তান ও নেপালের দর্শকদের কাছে পৌঁছাতে পারে। এটাই হওয়া উচিত স্বাভাবিক সাংস্কৃতিক বিনিময়।

 

শেষ পর্যন্ত ‘দার-ই-নিজাত’ কত দিন জনপ্রিয় থাকবে, তা সময়ই বলবে। কিন্তু একটি বিষয় স্পষ্ট। নিষেধাজ্ঞা দিয়ে মানুষের কৌতূহল সব সময় দমন করা যায় না। বরং অনেক সময় নিষেধাজ্ঞাই আগ্রহ বাড়িয়ে দেয়। ভারতের জন্যও এটি উপলব্ধির বিষয়। সাংস্কৃতিক নেতৃত্ব নিষেধাজ্ঞা দিয়ে প্রতিষ্ঠা করা যায় না। প্রতিষ্ঠা করতে হয় সৃজনশীলতা, উৎকর্ষ এবং পারস্পরিক সম্মানের মাধ্যমে।

 

সংস্কৃতির বাজারে শেষ কথা বলে দর্শক। রাষ্ট্র নয়।

 

লেখক: সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন