রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর জেনেভা ক্যাম্পে ওই সাঁড়াশি অভিযান শুরু হয়। রাত সোয়া ৮টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত অভিযান চলছিল।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে শতাধিক চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে পুলিশ। ওইদিন রাত ১০টা থেকে ২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবর এলাকায় টানা এই অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজানের নেতৃত্বে বুধবার ওই অভিযান পরিচালিত হয়। এ বিষয়ে বুধবার তিনি বলেন, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য কমাতে মোহাম্মদপুর ও আদাবর থানার যৌথ অভিযানে বিভিন্ন পর্যায়ের শতাধিক অপরাধীকে আটক করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শীর্ষনিউজ