Image description
 

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে কোনো আপস করা হবে না। এসব অপকর্মের বিরুদ্ধে এখন থেকেই কঠোর অবস্থান নিতে হবে এবং সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

 

তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটের প্রায় ৬ লাখ মানুষ আমাকে বিপুল আশা-ভরসা নিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা পূরণ করা আমার নৈতিক দায়িত্ব।

বুধবার দুপুরে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সৈয়দ ফয়সল বলেন, যেই চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের স্বার্থে আমাকে কঠিন হতে হলেও আমি হব। এতে কেউ সাময়িকভাবে কষ্ট পেলেও জনস্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রথম দায়িত্ব। জনগণের স্বার্থ তার কাছে সবার আগে এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের সেবা করে যেতে চান।

সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার চা বাগানবাসী শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা রক্ষার বিষয়েও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, চা বাগান এলাকার মানুষ দীর্ঘদিন ধরে নানা বঞ্চনার শিকার। তাদের ন্যায্য অধিকার ও সমঅধিকার নিশ্চিত করা হবে। সনাতন ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন, সে পরিবেশ গড়ে তোলা হবে। কেউ তাদের সঙ্গে অন্যায় আচরণ করলে তাকে আইনের আওতায় আনা হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান। আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সহ-সভাপতি পারভেজ হোসেন চৌধুরী, আলাউদ্দিন, মাহবুবর রহমান সোহাগ প্রমুখ।

যুগান্তর