অফিস করার ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত না হলে বা সময়ের আগে বিনা অনুমতিতে অফিস ত্যাগ করলে কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির মুখে পড়তে হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, অফিস ত্যাগ এবং বিলম্বে অফিসে উপস্থিতিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে অফিস আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ।
অফিস আদেশে বলা হয়, সব কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দফতরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দফতর ত্যাগ করতে পারবে না। রমজান মাসে বিকাল সাড়ে ৩টার আগে এবং রমজান পরবর্তী সময়ে বিকাল ৫টার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ থাকবে।
দাফতরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের (যুগ্ম সচিব/সলিসিটর) অনুমতি নিতে হবে। একইসঙ্গে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী নির্ধারিত অফিস ত্যাগের রেজিস্ট্রারে এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, এসব নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।