Image description
 

সরকারি কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে সপ্তাহের ছুটির দিন শনিবারেও অফিস করার প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত হয়েছে। শপথ নেওয়ার পর প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে পতাকাবিহীন একটি গাড়িতে করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি। গুলশানের বাসভবন থেকে কোনো রকম জাঁকজমক ছাড়াই সাধারণ মানুষের মতোই অফিসে আসেন প্রধানমন্ত্রী।

 

কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তাঁর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় চত্বরে একটি ‌‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সচিবালয়ে দাপ্তরিক কাজ করেছিলেন। তবে তেজগাঁওয়ের এই কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করলেন তিনি। 

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন প্রধানমন্ত্রীর কার্যালয়টি দখলে নিয়েছিল ছাত্র-জনতা।

 

এর আগে ১৯ ফেব্রুয়ারি এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সরকারি কার্যক্রম দ্রুত করতে সপ্তাহের ছুটির দিনেও অফিস করার সিদ্ধান্ত জানানো হয়েছিল। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়েই আজকের এই অফিসযাত্রা।

প্রধানমন্ত্রী যখন অফিসে পৌঁছান, তার আগে থেকেই সেখানে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। এর আগে এই কার্যালয়েই ১৯৯১ ও ২০০১ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন পর তাঁর ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে একই কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন।