ঝালকাঠির কাঁঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন এক বাবা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত মেহেদী হাসান শুভর (২৫) মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বাবা আব্দুল বারেক খানকে (৫৫) গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মেহেদী হাসান শুভ দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। প্রায়ই সে বাবা-মাকে মারধর করতেন। মাদকাসক্ত হয়ে এলাকার মানুষের সঙ্গে খারাপ আচরণ করতেন। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েন বাবা-মা।
খবর পেয়ে পুলিশ গিয়ে শুভর মরদেহ উদ্ধার এবং বাবা বারেক খানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শুভর মা খুশি বেগম বাদী হয়ে স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে একটি মামলা করেছেন।
ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (কাঁঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহত মেহেদী হাসান শুভ মাদকাসক্ত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। শুভর ভয়ে পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী অতিষ্ঠ ছিল। বাবা-মাকে হত্যার হুমকি দেওয়ায় তারা ভয় পেয়েছিলেন। এ কারণেই অবাধ্য ছেলেকে হত্যা করেছেন বাবা।