Image description

‘ভারতের সমর্থনে ক্ষমতায় আসতে চায় জামায়াত’ এমন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে এখানে এবং এখানে। তবে যাচাই করে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

 

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, সংবাদমাধ্যম দেশটিভির আদলে ‘দেশের টিভি’ নামে একটি ফেসবুক পেজে ফটোকার্ডটি সর্বপ্রথম পোস্ট করা হয়েছে। ছবিটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি পাশাপাশি দিয়ে নিচে ওই দাবি করা হয়।

 

এতে দাবি করা হয়, ‘ভারতের সমর্থনে ক্ষমতায় আসতে চায় জামায়াত।’

 

সর্বশেষ এই প্রতিবেদন লেখা পর্যন্ত উল্লিখিত পোস্টটিতে সাড়ে চারশর কাছাকাছি প্রতিক্রিয়ার পাশাপাশি অন্তত ৮৪ বার শেয়ার হতে দেখা গেছে।

 

এছাড়াও পোস্টটিতে অর্ধশতাধিক নেটিজেন মন্তব্য করেছেন যাদের বেশির ভাগকেই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দিতে দেখা গেছে। যেমন- জোবায়ের আহমেদ নামে একজন মন্তব্য করেছেন, ‘মোনাফেক কয় কি? এতো দিন বলল দিল্লি না ঢাকা? এজন্য অনেক মৌলানা বলেছেন জামায়াত মোনাফেকের দল। ক্ষমতায় যেতে তারা যে কোনো কিছু বিসর্জন দিতে রাজি।’

 

দেলোয়ার শিকদার নামে অন্য একজন লিখেছেন, ‘দিল্লি না ঢাকা আগে কইছে ঢাকা এখন কয় দিল্লি।’

 

তবে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দাবিটির পক্ষে কোনো সংবাদ দেশি-বিদেশি সংবাদমাধ্যমে পাওয়া যায়নি। এছাড়াও সংবাদমাধ্যম দেশ টিভির অফিশিয়াল ওয়েবসাইট ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলগুলোয় দাবির পক্ষে কোনো সংবাদ কিংবা ফটোকার্ড পাওয়া যায়নি।

 

সুতরাং ‘ভারতের সমর্থনে ক্ষমতায় আসতে চায় জামায়াত’ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। এ ধরনের কোনো সংবাদ দেশ টিভি বা অন্য কোনো সংবাদমাধ্যমে প্রকাশ হয়নি।

 

এশিয়া পোস্ট