Image description

আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ভূমিধ্বস পরাজয় হবে। কারণ তারা সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। তারা জনগণের পালস্ বুঝতে পারে না। তাই তারা এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা জামায়াতের আয়োজনে সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে নির্বাচনী জনসভায় পিরোজপুর-১ আসনের দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী ও সাবেক এমপি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর সেজ ছেলে মাসুদ সাঈদী এ কথা বলেন। 

তিনি আরও বলেন, ৫৪ বছর যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা কেউ দেশের জন্য কাজ করেনি। তাই দেশ ও জনগণের কাঙ্খিত সফলতা ও উন্নয়ন হয়নি। আমরা এখনও কাঙ্খিত মূল ধারায় প্রবেশ করতে পারিনি। এখনই মোক্ষম সময় একটি কাঙ্খিত সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানোর। দীর্ঘদিন আমরা যাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি তারা এখন তাদের পথ পরিবর্তন করে ফ্যাসিবাদের দোসরদের মত আচরণ করছে। দেশের মানুষ এটা পছন্দ করে না, তারা এটা চায় না। সারাদেশে তারা সন্ত্রাসী, চাঁদাবাজি করে বেড়াচ্ছে।

তাই সারাদেশের মানুষ বলছে আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধ্বস পরাজয় হবে। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় তাহলে আমরা আপনাদের খাদেম হব। যেমন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ১০ বছর আপনাদের খাদেম ছিলেন। আমরাও তেমনি খাদেম হয়ে আপনাদের পাশে থাকতে চাই। পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানীকে ঢেলে সাজাতে চাই। এ এলাকায় শিল্প কলকারখানা নির্মাণ করে বেকারত্ব দূর করতে চাই। রাস্তা-ঘাট, বেড়িবাঁধ, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করতে চাই। 

সমাবেশে জামায়াতে ইসলামীর ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা. আলী হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, খেলাফত মজলিসের জেলা সভাপতি মো: নাসির উদ্দীন ওসমানী, আল্লামা সাঈদীর ছোট ছেলে নাসিম সাঈদী, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো: ইমরান খান, হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বাবুল হালদার, জামায়াতের পিরোজপুর সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, এনসিপির জেলা যুগ্ম আহবায়ক মাহাবুবুল আলম নাঈম, সদ্য জামায়াতে যোগদানকারী জেলা বিএনপি নেতা মো: ফারুক হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আশরাফুল ইসলামসহ অনেকে।  

সমাবেশের শেষ প্রহরে বিএনপির ৭ নেতাকর্মী মাসুদ সাঈদীর হাত ধরে জামায়াতে যোগদান করেন। এসময় যোগদানকারীদের ফুলের মালা পড়িয়ে দেয়া হয়। যোগদানকারীরা হলেন- ইন্দুরকানী সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সহ সভাপতি মো: মোস্তফা হাওলাদার, সদস্য মোঃ মজিবুর রহমান, মোঃ আল আমিন, মোঃ নাসির মোল্লা, হাফেজ মোঃ শফিকুল ইসলাম, মোঃ ফরিদ হাওলদার ও আবুল মোল্লা।