Image description

পরিকল্পিত, আধুনিক, বসবাসযোগ্য শহরায়নের লক্ষ্যে সংলাপ ও আলোচনা সভা আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রকৌশল বিভাগ। অপরিকল্পিত নগরায়ন যেভাবে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোকে বসবাসের অযোগ্য করে তুলেছে, সেই সমস্যার সমাধান কল্পে নিজেদের প্রস্তাবনা উপস্থাপন করেছে দলটি।  শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রকৌশল বিভাগেরে আয়োজনে ‘বসবাসযোগ্য ও মানবিক শহর’ শীর্ষক এই পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ৭টি পিলার বা ভিত্তি তুলে ধরে দলটি।

পলিসি ডায়ালগের সাতটি ভিত্তি হল : সবার জন্য বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিত করা, নাগরিকদের জন্য সহজলভ্য আধুনিক স্বাস্থ্যসেবা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ৬৪ জেলা ও সব উপজেলা শহরকে পরিকল্পিতভাবে উন্নয়ন, গৃহায়ন ও আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অর্থনীতির চাকা সচল ও পুনর্গঠন।

পলিসি ডায়ালগের প্রথম পর্বে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ টি এম জিয়াউল হাসান। তিনি বিভিন্ন তথ্য ও উপাত্তের মাধ্যমে ব্যাখ্যা করেন কীভাবে ঢাকাকে বসবাসযোগ্য ও মানবিক শহরে পরিণত করা সম্ভব। এছাড়া এ টি এম জিয়াউল হাসান সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগকে উন্নত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি ৬৪ জেলাকে কীভাবে সহজ প্রক্রিয়ায় সমৃদ্ধ ও আধুনিক করা যায়, সে বিষয়েও আলোকপাত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আলোচনায় বসবাসযোগ্য ও মানবিক শহরের জন্য জাতীয় লক্ষ্য ও নীতিমালা তুলে ধরা হয়। এই সেশন পরিচালনা করেন এক্সিস ট্রায়াংগেল গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহজাহান আলম।

আরটিএনএন