চট্টগ্রাম নগরের খুলশী থানার ওসমান আলী সেগুন নামের এক ঠিকাদারকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি পিডব্লিউডি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় ইম্পেরিয়াল হাসপাতালের লবি থেকে তাকে তুলে নেওয়া হয়েছে বলে পরিবার অভিযোগ করে। এ ঘটনায় তার পরিবার চরম উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
ওসমান আলী সেগুনের ছোট ছেলে তানহা বলেন, ইম্পেরিয়াল হাসপাতালে তার বোনের একটি অপারেশন চলছিল। সে সময় হাসপাতালে পরিবারের সবাই উপস্থিত ছিলেন। আমার বাবা আমাদের সঙ্গে লবিতে বসা ছিলেন। দুপুর আনুমানিক ২টার দিকে কয়েকজন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে এসে বাবাকে সঙ্গে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একদিকে বোনের অপারেশন, অন্যদিকে বাবার এ ঘটনা সব মিলিয়ে আমরা চরম মানসিক চাপে পড়েছি।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী আইনগত প্রক্রিয়ায় যদি তাকে আটক করে থাকে, তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে অবহিত করা উচিত ছিল। কিন্তু এ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
এ খবর ছড়িয়ে পড়ার পর ঠিকাদার মহলে উদ্বেগ তৈরি হয়েছে। সহকর্মীরা বলছেন, একজন পরিচিত ঠিকাদার নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
খুলশী থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য দিতে রাজি হননি। ডিবি পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শীর্ষনিউজ