গাজীপুরে চাঁদা না পেয়ে গ্রিন ভ্যালি পার্ক অ্যান্ড পিকনিক স্পটে হামলার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এতে ১০/১২জন আহত হয়েছেন। তার মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।
আহতদের মধ্যে পার্কের মালিক রুবেল আহম্মেদ, সিকিউরিটি গার্ড মো. সোহান (৩০), রুবেলের ব্যক্তিগত গাড়িচালক মো. সাব্বির (৪০), পিকআপ চালক মো. জিহাদ (২৪), কর্মচারী সাজু (৩০), মালিকের ভাতিজা সাহিদুল ইসলাম (৩০) ও ‘আমার পার্ক’-এর সামনের মুদি দোকানদার মো. আলামিনকে (৪০) গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে তৌসিফের (২০) নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল দা-লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে পার্কের মালিক কর্মচারীদের উপর হামলা চালায় এবং ক্যাশ বাক্সে থাকা ১৫ লাখ টাকা লুট করে। হামলায় ১০/১২ জন আহত হন।
পার্কের মালিক রুবেল আহম্মেদ জানান, তৌফিক দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। হামলার সময় ৯৯৯ নাম্বারে ফোন করে সাহায্য চাওয়া হলেও পুলিশ আসেনি। দ্বিতীয়বার ফোন করার পর পুলিশ আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
হামলাকারীদের সবার বাড়ি পাশের সাভারের আশুলিয়ায়।
এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হোসেন।