Image description

গণভোটের প্রচারণায় জন্য ২৩৮টি আসনে দলীয় প্রতিনিধিদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাদের নাম ঘোষণা করেন। 

এসময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ২৭০টি আসনে গণভোটের প্রচারণা অনেকটাই কম। আমরা এ আসনগুলো দলীয় প্রতিনিধি নিযুক্ত করার উদ্যোগ নিয়েছি।

এর অংশ হিসেবে আজ ২৩৮ আসনে প্রতিনিধিদের নাম ঘোষণা করা হলো।

 

তিনি বলেন, দেশের প্রান্তিক এলাকার জনগণ এবং প্রত্যেকটি গ্রাম অলিগলিতে গণভোটের বার্তা ও সচেতনতা পৌঁছে দেওয়া প্রয়োজন। সচেতনতার জন্য আমরা প্রতিনিধি নিয়োগ করছি। নাম ঘোষণার পর থেকেই ওই আসনগুলোতে তারা কার্যক্রম শুরু করবেন।

সাবেক এই উপদেষ্টা বলেন, আগামীকাল বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে আমাদের পার্টির নির্বাচনী থিম সং এবং গণভোটের থিম সং প্রকাশ করবো। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে যারা পারবেন সেখানে আসবেন। আমরা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সমাজের কৃষক, শ্রমিক, ছাত্র, সবার অংশগ্রহণে আমাদের থিম সং প্রকাশ করব।