হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেশের স্বার্থবিরোধী নানা রকমের শর্তে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার উদ্যোগকে কেন্দ্র করে দেশের বিমান পরিবহন খাতে নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গুরুত্বপূর্ণ অবকাঠামোর পরিচালনা, আয়-ব্যয়ের হিসাব, গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো ব্যবস্থাপনা এবং বাণিজ্যিক সুবিধা ব্যবহারের অধিকার নিয়ে সরকারের সঙ্গে জাপানি কনসোর্টিয়ামের চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সোমবার ৩০ নভেম্বর, ২০২৬ তারিখে এই চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। অভিযোগ উঠেছে, বাংলাদেশের বিপুল অর্থ, ঋণ ও রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে নির্মিত একটি কৌশলগত অবকাঠামোর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার ক্ষেত্রে দেশের স্বার্থ দেখা হয়নি।
চুক্তির রাজস্ব ভাগাভাগি, যাত্রীসেবা ফি, কার্গো আয়, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমে বিদেশি প্রতিষ্ঠানের আর্থিক সুবিধা কীভাবে নির্ধারণ করা হয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ও তদারকি কতটা কার্যকর থাকবে- এসব নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। যেসব প্রশ্নের এখনো জবাব পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট চুক্তির পূর্ণাঙ্গ দলিল, আর্থিক বিশ্লেষণ এবং দর-কষাকষির বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ না হওয়ায় এসব প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর পাওয়া যাচ্ছে না। ফলে চুক্তি স্বাক্ষরের আগে এর প্রতিটি শর্ত স্বাধীনভাবে পর্যালোচনা, আর্থিক স্বার্থের মূল্যায়ন এবং জাতীয় স্বার্থ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার দাবি উঠছে।
বিমানবন্দর কেবল যাত্রী ওঠানামার অবকাঠামো নয়; এটি দেশের আন্তর্জাতিক যোগাযোগ, বাণিজ্য, পর্যটন, বৈদেশিক মুদ্রা অর্জন এবং জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এর পরিচালনা-সংক্রান্ত কোনো দীর্ঘমেয়াদি চুক্তিতে সাময়িক সুবিধার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক ও কৌশলগত স্বার্থ বিবেচনা করা জরুরি, বলছেন সংশ্লিষ্টরা।
১৫ বছরের চুক্তি, বিদেশি কনসোর্টিয়ামের হাতে পরিচালনার দায়িত্ব
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে জাপানি কনসোর্টিয়ামের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, জাপানি কনসোর্টিয়ামে রয়েছে চারটি প্রতিষ্ঠান-
- Japan Airport Terminal Company
- Sumitomo Corporation
- Sojitz Corporation
- Narita International Airport Corporation
চুক্তির মেয়াদ হবে ১৫ বছর।
তবে এই মেয়াদ চুক্তি স্বাক্ষরের দিন থেকে নয়, শাহজালাল বিমানবন্দরের সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট থার্ড টার্মিনালে স্থানান্তরের তারিখ থেকে কার্যকর হওয়ার কথা। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে নির্ধারিত এলাকা বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার আওতায় আনা এবং ১৪ মাসের মধ্যে সব নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এখানেই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সামনে আসে। ১৫ বছরের পরিচালনাধিকার দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সম্পদের ব্যবহার, বিনিয়োগের ঝুঁকি, সম্ভাব্য আয় এবং ভবিষ্যৎ আর্থিক দায়ের মধ্যে কী ধরনের ভারসাম্য রাখা হয়েছে? বিদেশি প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করলেও তার বিনিময়ে কী পরিমাণ অর্থনৈতিক সুবিধা পাবে এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো কী পরিমাণ আয় ও ব্যবসায়িক সুযোগ পাবে, তা স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা হয়নি।
রাজস্ব ভাগাভাগি নিয়ে বড় প্রশ্ন
চুক্তির আর্থিক কাঠামো নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার দাবি রাখে রাজস্ব ভাগাভাগির বিষয়টি। আজ রোববার বেবিচক চেয়ারম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, নির্ধারিত কার্যক্রম শুরুর পর জাপানি কনসোর্টিয়াম যাত্রী ও কার্গো থেকে অর্জিত মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচককে দেবে। পরবর্তী সময়ে টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পৌঁছানোর নির্ধারিত তারিখ অথবা বাস্তবে পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ—যেটি আগে ঘটবে, সেখান থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে।
অন্যদিকে, পরিচালনাকারী প্রতিষ্ঠান যাত্রীপ্রতি নির্ধারিত কিছু সেবা ফি, যেমন এমবার্কেশন ফি ও প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ চার্জ এবং দোকান, লাউঞ্জ, বহুতল পার্কিং ও বিজ্ঞাপন থেকে অর্জিত অ-বিমান চলাচল সংক্রান্ত রাজস্ব পাওয়ার সুযোগ পাবে।
এখানে কয়েকটি মৌলিক প্রশ্নের উত্তর প্রয়োজন:
প্রথমত, ১৩ দশমিক ৫ শতাংশ রাজস্ব ভাগাভাগির ভিত্তি কী? দ্বিতীয়ত, ২৭ শতাংশে উন্নীত হওয়ার আগে কতদিন ১৩ দশমিক ৫ শতাংশ কার্যকর থাকবে? তৃতীয়ত, পূর্ণ সক্ষমতা নির্ধারণের পদ্ধতি কী এবং এ ক্ষেত্রে বেবিচকের স্বার্থ কীভাবে সুরক্ষিত হবে? চতুর্থত, যাত্রীসেবা ফি ও অন্যান্য বাণিজ্যিক আয়ের কোন কোন অংশ রাজস্ব ভাগাভাগির আওতায় পড়বে এবং কোনগুলো পরিচালনাকারী প্রতিষ্ঠান সরাসরি পাবে?
বিশেষ করে, বেবিচক ২৭ শতাংশ রাজস্ব পেলেও পরিচালনাকারী প্রতিষ্ঠান যদি বিভিন্ন ফি ও বাণিজ্যিক আয়ের বড় অংশ সরাসরি আদায় করতে পারে, তাহলে প্রকৃত আয়-ব্যয়ের হিসাব কীভাবে নির্ধারিত হবে, সেটি পরিষ্কার হওয়া জরুরি। শুধু রাজস্বের শতকরা হার উল্লেখ করলেই চুক্তির আর্থিক সুবিধা-অসুবিধা বোঝা যায় না। মোট আয়, পরিচালন ব্যয়, রক্ষণাবেক্ষণ ব্যয়, বিনিয়োগ, কর, রয়্যালটি এবং অন্যান্য আর্থিক দায় বিবেচনায় নিয়ে একটি পূর্ণাঙ্গ আর্থিক বিশ্লেষণ প্রকাশ করা প্রয়োজন।
গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি প্রতিষ্ঠানের প্রবেশ, চাপে পড়বে কি বিমান বাংলাদেশ?
থার্ড টার্মিনালের পরিচালনা চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবসা। দীর্ঘদিন ধরে শাহজালাল বিমানবন্দরে এই সেবা দিয়ে আসছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন ব্যবস্থায় বিমানের পাশাপাশি আরেকটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে। এ বিষয়ে চারটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নাম আলোচনায় এসেছে। যুক্তরাজ্যের Menzies Aviation, সুইজারল্যান্ডের Swissport, তুরস্কের Çelebi Aviation ও সংযুক্ত আরব আমিরাতের dnata।
জানা যায়, জাপানি কনসোর্টিয়াম এসব প্রতিষ্ঠানের নাম বেবিচকের কাছে পাঠিয়েছে। বেবিচক তাদের নিরাপত্তা ও নিয়ন্ত্রক যোগ্যতা যাচাই করবে। পরবর্তী সময়ে নির্বাচিত প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় লাইসেন্স নিতে হবে। এখানে জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমানের অবস্থান কী হবে? প্রতিযোগিতার মাধ্যমে সেবার মান বাড়ানো অবশ্যই ইতিবাচক হতে পারে। কিন্তু প্রতিযোগিতার নামে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ব্যবসায়িক সক্ষমতা, আয় এবং বাজারের অবস্থান ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পড়বে জাতীয় বিমান পরিবহন খাতের ওপর।
বিশেষ করে নতুন বিদেশি প্রতিষ্ঠান কী শর্তে বাজারে প্রবেশ করবে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে কী ধরনের বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকবে, যন্ত্রপাতি ও অবকাঠামো ব্যবহারের ব্যয় কে বহন করবে এবং সেবার বাজারে সমান সুযোগ নিশ্চিত হবে কি না- এসব বিষয়ে স্পষ্ট কোনো নীতিমালা করা হয়নি। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের কোম্পানির প্রকৃত মালিকানা অংশীদারত্ব থাকবে কি না। শুধু স্থানীয় কর্মী নিয়োগ কিংবা সাব-কন্ট্রাক্টের মাধ্যমে কাজ দেওয়াকে প্রকৃত দেশীয় অংশীদারত্ব বলা যায় না।
বেবিচক ইতিপূর্বে আলোচনায় বিদেশি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশি কোম্পানির প্রকৃত ইকুইটি অংশীদারত্বের বিষয়টি গুরুত্ব দিচ্ছিল। অর্থাৎ বিদেশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম থেকে বাংলাদেশের কোম্পানিগুলো দীর্ঘমেয়াদি মালিকানা ও মুনাফার সুযোগ পাবে কি না, সেটি তখনো আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু পরবর্তীতে এ বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়েছে, যা দেশের স্বার্থের জন্য ক্ষতিকর।
কার্গো ব্যবস্থাপনায় ডলারে রয়্যালটি: আরেকটি আর্থিক উদ্বেগ
চুক্তির আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে কার্গো পরিচালনা। বেবিচক চেয়ারম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানগুলো এবং নিজস্ব ব্যবস্থাপনায় গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো জাপানি কনসোর্টিয়ামকে রয়্যালটি দেবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসকেও প্রতি টন কার্গো পরিচালনার জন্য মার্কিন ডলারে রয়্যালটি দিতে হবে। এ নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে সংশ্লিষ্ট মহলে।
রাষ্ট্রীয় বিমান সংস্থা নিজের জনবল, অভিজ্ঞতা ও সক্ষমতা ব্যবহার করে কার্গো পরিচালনা করলেও কেন বিদেশি পরিচালনাকারী প্রতিষ্ঠানকে ডলারে রয়্যালটি দিতে হবে, তার যৌক্তিকতা কী? এই রয়্যালটির হার কত? প্রতি টন কার্গোর জন্য কত ডলার দিতে হবে? বছরে সম্ভাব্য কত ডলার বিদেশি প্রতিষ্ঠানের কাছে যাবে? চুক্তির মেয়াদে মোট কত অর্থ বিদেশে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে? এসব প্রশ্নের কোনো জবাব নেই। অভিযোগ উঠেছে, বিদেশি কোম্পানিকে এক্ষেত্রে অযৌক্তিক বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।
এমনকি কার্গো পরিচালনার ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানের কোন কোন অবকাঠামো, প্রযুক্তি কিংবা সেবা ব্যবহারের বিনিময়ে রয়্যালটি নেওয়া হবে, সেটিও চুক্তিতে থাকবে কিনা তা এখন পর্যন্ত নিশ্চিত নয়। যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজের বিমানবন্দরে কার্গো পরিচালনার জন্য বিদেশি কোম্পানিকে নিয়মিত ডলার দিতে হয়, তাহলে সেই ব্যয়ের প্রভাব শেষ পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার ওপর পড়তে পারে, বলছেন বিশ্লেষকরা।
৪৫০ পৃষ্ঠার চুক্তি, এক হাজারের বেশি সংশোধনী: কী থাকছে চূড়ান্ত দলিলে?
অভিযোগ উঠেছে, থার্ড টার্মিনাল পরিচালনা চুক্তি নিয়ে দর-কষাকষির জটিলতার বিষয়টি চরমভাবে উপেক্ষা করা হয়েছে। চুক্তির খসড়াটি প্রায় ৪৫০ পৃষ্ঠার। প্রাথমিক পর্যায়ে এতে এক হাজারের বেশি মন্তব্য ও সংশোধনী প্রস্তাব উঠেছিল। পরবর্তী পর্যায়ে ৯০ থেকে ৯৫টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এ ছাড়া ২৭:৭৩ অনুপাতে বাংলাদেশের পক্ষে রাজস্ব ভাগাভাগির একটি কাঠামো আলোচনায় ছিল। তবে রাজস্ব ভাগাভাগি এবং গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবসায় বাংলাদেশি প্রতিষ্ঠানের মালিকানা অংশীদারত্ব দুটি পৃথক বিষয় হিসেবে বিবেচিত হচ্ছিল।
এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এত গুরুত্বপূর্ণ একটি চুক্তির খসড়ায় এক হাজারের বেশি সংশোধনী প্রস্তাব ওঠার পর চূড়ান্তভাবে কোন কোন শর্ত পরিবর্তন করা হয়েছে? বাংলাদেশের স্বার্থে উত্থাপিত প্রস্তাবগুলোর কতগুলো গ্রহণ করা হয়েছে? বিদেশি কনসোর্টিয়ামের আপত্তির কারণে কোনো গুরুত্বপূর্ণ শর্ত বাদ পড়েছে কি না? কোন পক্ষ কোন বিষয়ে ছাড় দিয়েছে? এসব প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি।
বিশেষ করে যেসব শর্তে বাংলাদেশের রাজস্ব, বাণিজ্যিক অধিকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যবসা, বিদেশি মুদ্রার লেনদেন এবং পরিচালনাগত নিয়ন্ত্রণ জড়িত, সেসব শর্তের বিষয় অবশ্যই পরিষ্কার করতে হবে বেবিচক কর্তৃপক্ষকে।
বিমানবন্দরের নিরাপত্তা ও সার্বভৌম নিয়ন্ত্রণ কতটা অক্ষুণ্ন থাকবে?
বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে গেলেও দেশের নিরাপত্তা ও সার্বভৌম নিয়ন্ত্রণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেবিচকের প্রকাশিত চুক্তির বিবরণ অনুযায়ী, রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচলের নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রমও সংশ্লিষ্ট বাংলাদেশি সরকারি সংস্থার নিয়ন্ত্রণে থাকবে।
তবে পরিচালনার দায়িত্ব ও বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে সীমারেখা কতটা স্পষ্ট, তা চুক্তির পূর্ণাঙ্গ দলিল পর্যালোচনা করে নিশ্চিত হওয়া প্রয়োজন। বিশেষ করে যাত্রীদের তথ্য, বিমানবন্দরের ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তিগত ব্যবস্থাপনা, কার্গো ডেটা, বাণিজ্যিক তথ্য এবং বিভিন্ন অপারেশনাল সিস্টেমের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা গুরুত্বপূর্ণ।
বিদেশি প্রতিষ্ঠান পরিচালনাকারী হিসেবে প্রযুক্তি ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে পারে। কিন্তু সেই প্রক্রিয়ায় বাংলাদেশের নিরাপত্তা, তথ্যের গোপনীয়তা এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
প্রকল্পের নির্মাণপর্বেই দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান
থার্ড টার্মিনালের পরিচালনা চুক্তি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি প্রকল্পটির নির্মাণপর্বে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগও আলোচনায় রাখা প্রয়োজন। কারণ, একই অবকাঠামোর নির্মাণ ও পরিচালনা- দুই পর্যায়েই স্বচ্ছতা, জবাবদিহি এবং রাষ্ট্রীয় স্বার্থ রক্ষার বিষয়টি জড়িত।
থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রকল্প পরিচালক এ কে এম মাকসুদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে। প্রকল্পের প্রাথমিক ব্যয় ৭ হাজার কোটি টাকা থেকে বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকায় উন্নীত হওয়া, স্থানীয়ভাবে কেনা যন্ত্রপাতিকে বিদেশি ক্রয় হিসেবে দেখানো, মাটির পরীক্ষার ফলাফল পরিবর্তন, নকশা পরিবর্তনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ এবং নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহারের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল। এ ছাড়া প্রকল্পে প্রায় ৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বলে জানা গেছে।
৬ হাজার ৩০০ কোটি টাকার অডিট আপত্তি: দায় নির্ধারণ কোথায়?
থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পে অডিট আপত্তির অঙ্ক ৬ হাজার ৩০০ কোটি টাকা হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্বের দাবি রাখে। বেবিচক একে দুর্নীতি হিসেবে স্বীকার না করলেও এত বড় অঙ্কের আপত্তির প্রতিটি বিষয় আলাদাভাবে নিষ্পত্তি করা প্রয়োজন। কোন খাতে কত টাকা নিয়ে আপত্তি উঠেছে? কোন অর্থ প্রকৃতপক্ষে চুক্তি অনুযায়ী পরিশোধযোগ্য? কোন অর্থের বিপরীতে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন রয়েছে? কোন কাজের পরিমাণ ও গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে? এসব প্রশ্নের উত্তর জনসমক্ষে থাকা উচিত।
সরকারের পক্ষ থেকে তদন্তের কথা বলা হলেও তদন্তের অগ্রগতি, সংশ্লিষ্ট নথি এবং দায় নির্ধারণের ফলাফল প্রকাশ না হলে জনমনে সন্দেহ থেকেই যাবে। বিশেষ করে যে প্রকল্পে বিপুল বৈদেশিক ঋণ ও রাষ্ট্রীয় অর্থ ব্যয় হয়েছে, তার আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা আরও জরুরি।
ঋণের বোঝা বাংলাদেশের, বাণিজ্যিক সুবিধা কতটা বিদেশিদের?
থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়ন রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রকল্পটির ব্যয় প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার বা ২৫ হাজার ৮৪৬ কোটি টাকা উল্লেখ করা হয়। প্রকল্পের ঋণ পরিশোধ ২০২৬ সালের জুন থেকে শুরু হওয়ার কথা এবং ২০৫৬ সাল পর্যন্ত বছরে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকার কিস্তি পরিশোধের বিষয়টি সামনে এসেছে।
অর্থাৎ বাংলাদেশকে দীর্ঘ সময় ধরে প্রকল্পের ঋণ পরিশোধ করতে হবে। রাষ্ট্রীয় অর্থ দিয়ে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। অথচ সেই অবকাঠামোর পরিচালনা ও বাণিজ্যিক সুবিধার একটি বড় অংশ বিদেশি কনসোর্টিয়ামের হাতে যাচ্ছে।
সংশ্লিষ্ট মহলের মতে, আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ কাজে লাগানো যেতে পারে। কিন্তু সেই অংশীদারত্বের আর্থিক শর্ত এমন হতে হবে, যাতে ঋণের দায় বহনকারী দেশ দীর্ঘমেয়াদে ন্যায্য সুবিধা পায়।