Image description

চট্টগ্রামের রাউজানে গ্রামীণ ব্যাংকের পাহাড়তলী শাখায় পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

রোববার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার পাহাড়তলী ইউনিয়নে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর পৌনে ৪টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের পাহাড়তলী শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করে। এ সময় ব্যাংক শাখায় একজন নিয়মিত নৈশপ্রহরীর পাশাপাশি অতিরিক্ত দুজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করছিলেন।

Advertisement

গ্রামীণ ব্যাংকের পাহাড়তলী শাখার ব্যবস্থাপক গোলাম কিবরিয়া জানান, আগুন ছড়িয়ে পড়লেও নৈশপ্রহরীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে ব্যাংকের কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার পর দায়িত্বে থাকা তিন নৈশপ্রহরী বাইরে বের হলে দুর্বৃত্তরা ধানখেতের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

Advertisement

 

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে বোমা নিক্ষেপ করা হয়েছে নাকি অন্য কোনো বস্তু, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ব্যাংকের ভবনে বিস্ফোরণের পর সৃষ্ট কালো ধোঁয়ার চিহ্ন দেখা গেছে। 

উল্লেখ্য, এর আগে রাউজানের গহিরা শাখায় ভবনের এক পাশে পাপোশ দিয়ে আগুন লাগানোর ঘটনা ঘটে। পরবর্তীতে কদলপুর শাখায় পেট্রল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটে। ওই দুটি ঘটনাতেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।