Image description

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনে বরিশালে দিনের বেলায় প্রকাশ্যে কোনো প্রভাব না পড়লেও সন্ধ্যার পর থেকে অপতৎপরতার অভিযোগ উঠেছে।

রোববার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে গৌরনদী উপজেলার বার্থী এলাকায় গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া রাত আটটার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে ওই এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, রোববার সন্ধ্যায় গৌরনদী উপজেলার বার্থী এলাকায় গ্রামীণ ব্যাংকে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই ঘটনা ঘটিয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সংবাদপরিবেশন

 

অন্যদিকে, রাত আটটার দিকে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিস্ফোরণে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের দাবি, এই ঘটনার সঙ্গে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ আমার দেশকে বলেন, ‘দিনভর বরিশাল নগরীকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছিল। দিনের তুলনায় রাতের বেলায় নগরীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এরপরও শনিবার রাতে নগরীর কালীবাড়ী রোড এলাকায় কয়েকজন জড়ো হয়ে নাশকতার চেষ্টা করেছিল। এ সময় পুলিশ ধাওয়া করে ৬টি মোটরসাইকেলসহ ৪ জনকে আটক করে, বাকিরা পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘সুযোগ বুঝে গোপনে হামলার চেষ্টা করছে দলটির নেতাকর্মীরা। লকডাউনের নামে কেউ নগরীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। পুরো নগরীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনো অপতৎপরতা ঠেকাতে পুরোপুরি প্রস্তুত রয়েছে।’